Adani Electricity: বাংলার ঘরে ঘরে আলো জ্বালাবে আদানি, বিরাট চুক্তি সরকারের সঙ্গে | Adani to Supply Electricity in West Bengal, 25 Year Deal Signed by Govt & Company
ফাইল চিত্র।Image Credit: PTI
কলকাতা: ঘরে ঘরে এবার আদানির বিদ্যুতে জ্বলবে আলো, ঘুরবে পাখা। রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে রাজ্য সরকারের সঙ্গে। কত বিদ্যুৎ সরবরাহ করবে আদানির সংস্থা?
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাকে আগামী ২৫ বছরের জন্য বিদ্যুৎ সরবরাহের বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। রাজ্যের সঙ্গে এই বিষয়ে চুক্তি হয়েছে। আদানি গোষ্ঠী তাদের পাওয়ার প্লাস ট্রেডিং সলিউশন ২৫ বছর ধরে বন্টন সংস্থাকে ২৫০০ মেগাওয়াট পর্যন্ত পরিবেশবান্ধব বিদ্যুৎ বিক্রি করবে।
চুক্তি অনুযায়ী, ২৫ বছর ধরে ১৭৫০ মেগাওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ জোগাবে আদানি পাওয়ার। এছাড়া নতুন বিদ্যুৎ প্রকল্প তৈরি করারও কথা রয়েছে। সেখান থেকে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী।
আরও জানা গিয়েছে, ২০২৮ সালের ১ জুলাই থেকে ১৭৫০ মেগাবর বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর নতুন প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ দেওয়া হবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে। আদানিদের নতুন এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রাজ্যেই তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত খবর নেই। এই বিদ্যুতের ব্যবহার রাজ্যের সামগ্রিক বিদ্যুৎ বন্টন ব্যবস্থাকে এবং তার চাহিদা পূরণে সাহায্য করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।