চিন থেকে বাংলাদেশগামী জাহাজে বিস্ফোরক তৈরির উপাদান পাঠানোর অভিযোগ
জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর চিনের লিয়ানইউনগাং (Lianyungang) থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল এমভি স্টার লাইন (MV Star Line)। গত ৭ নভেম্বর মালাক্কা প্রণালীর (Strait of Malacca) বেলাওয়ানের কাছাকাছি স্থানে জাহাজটিকে আটক করা হয় বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আধিকারিকরা। গত শুক্রবার ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোডারেল-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন জাহাজে প্রায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান ছিল। ওই জাহাজ আটক করার পাশপাশি এই বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপাদান বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।