এলওপি নিয়ে থানা-পুলিশ, জোর তরজা দুই তৃণমূলে!
এই সময়: আইনি টানাপড়েনের মধ্যেই এ বার বিধানসভার বিরোধী দলনেতা (এলওপি) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক আখরুজ্জামানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলো ‘মমতা–তৃণমূল’। শনিবার তাঁদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ‘মমতা–তৃণমূলে’র বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশে এই দায়িত্ব পালন করছেন ঋতব্রতরা। সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত ১৮ অক্টোবর। তারপরেও ঋতব্রত ও আখরুজ্জামান বেআইনি ভাবে সুবিধে ও বেতন নিচ্ছেন বলে শোভনদেবের অভিযোগ।
যদিও কালীঘাটের দাবি, হেয়ার স্ট্রিট থানা অভিযোগ নিতে রাজি হয়নি। তারা শোভনদেবকে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। বাংলায় পালাবদলের পরে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। ঋতব্রতকে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতেও গিয়েছেন শোভনদেবরা। বর্ষীয়ান বিধায়ক এ দিন দাবি করেন, আদালতের নির্দেশ মতোই বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতকের মেয়াদ ১৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছে। হেয়ার স্ট্রিট থানা থেকে বেরিয়ে শোভনদেব বলেন, ‘কোর্ট বলে দিয়েছিল, ১৮ অক্টোবর পর্যন্ত ওঁরা বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতকের সুযোগ–সুবিধে ভোগ করতে পারবেন। কিন্তু তারপরে এক মাস কেটে গেলেও এখনও ঋতব্রত, আখরুজ্জামানরা সরকারি সুযোগ–সুবিধে নিয়ে যাচ্ছেন। এটা অন্যায়। সেই কারণে আমি হেয়ার স্ট্রিট থানায় ফৌজদারি মামলা করতে এসেছিলাম। কিন্তু পুলিশ তো এখন নিজের সিদ্ধান্তে চলে না। উপর থেকে নির্দেশ আসে। আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’
পাল্টা আখরুজ্জামানের বক্তব্য, ‘ওঁকে বর্ষীয়ান নেতা বলে জানতাম। কিন্তু যত দিন যাচ্ছে, অভিজ্ঞতা পাল্টে যাচ্ছে। শোভনদেবদের বদান্যতায় হুইপ অথবা বিরোধী দলনেতা কেউ হয়নি। অভিযোগ থাকলে উনি স্পিকারের কাছে যেতে পারতেন। উনি থানায় চলে গেলেন! উনি সংসদীয় রাজনীতির রীতিনীতি কিছুই জানেন না দেখছি।’ ‘মমতা–তৃণমূল’কে চড়া সুরে বিঁধে ‘গণতান্ত্রিক তৃণমূলে’র মুখপাত্র ঋজু দত্ত বলেন, ‘শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য খারাপ লাগে। এই বুড়ো বয়সে ওঁকে দিয়ে এ সব করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী থাকাকালীন কেউ ট্রেড ইউনিয়নের পদে থাকতে পারেন না। শোভনদেব ছিলেন। সেখানে অনেক দুর্নীতি হয়েছিল। কাচের ঘরে বসে ঢিল না ছোড়াই ভালো।’