ডিজ়াইনার থেকে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড, অনামিকা খান্না শোনালেন দীর্ঘ পথচলার গল্প
তবে সেই যাত্রা মোটেই সহজ ছিল না। অনামিকা স্বীকার করেন, ডিজ়াইনার হিসেবে কাজ করতেই তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে। ব্যবসার হিসেব-নিকেশ করা বরাবরই তাঁর কাছে কঠিন। কিন্তু শুধু স্কেচবুকে সুন্দর ডিজ়াইন এঁকে রাখলে তো চলবে না! তার জন্য প্রয়োজন একটা গোটা পরিকাঠামো। পরিবারের সহযোগিতাই তাঁকে এই দিকগুলি সামলাতে সাহায্য করেছে বলে জানান তিনি।
ব্যবসা সম্পর্কে তাঁর প্রথম স্পষ্ট ধারণা তৈরি হয় যখন ক্রমাগত বাড়তে থাকে ক্রেতাদের চাহিদা। নতুন অর্ডারের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো তাঁদের। কখনও দু’মাস, কখনও তিন বা পাঁচ মাসের অপেক্ষা। তখনই বুঝেছিলেন, চাহিদার তুলনায় তাঁর উৎপাদনের ক্ষমতা কম। অর্থাৎ, ডিজ়াইনের পাশাপাশি ব্যবসাটিকেও গুরুত্ব দেওয়ার সময় এসেছে।
তবে পিছনে ফিরে তাকিয়ে কোনও সিদ্ধান্ত বদলাতে চান না অনামিকা। তাঁর কথায়, ‘আমি আবার সেই একই ভুল করতে চাই। একই সমস্যার মধ্যে দিয়ে যেতে চাই। কারণ, সেই কঠিন সময়গুলোর মধ্যে দিয়ে না গেলে হয়তো আজ আমি এখানে পৌঁছতে পারতাম না। নিজের লক্ষ্যে পৌঁছনোর কোনও সহজ রাস্তা নেই। কঠোর পরিশ্রমের বিকল্প হয় না।’ অনামিকার ডিজ়াইনের অন্যতম বৈশিষ্ট্য ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। শাড়ির প্রচলিত পরার ধরন বদলে ট্রাউজ়ারের সঙ্গে শাড়ি, ধুতি প্যান্ট, কেপ— প্রতিটি উদ্ভাবনের পিছনেই রয়েছে একটি করে সমস্যা সমাধানের ভাবনা। তাঁর মতে, শাড়ির সৌন্দর্য এবং আভিজাত্য বজায় রেখেই তাকে নতুন প্রজন্মের কাছে আরও সহজ করে তুলতে চেয়েছিলেন তিনি। একই ভাবে লেহেঙ্গার ভারী সাজ সহজ করতে কেপের ব্যবহার শুরু করেন। ‘আমি প্রতিদিনের চেনা জিনিসগুলিকে একটু অন্য ভাবে দেখতে চাই। যে ভাবে সবাই দেখেন, আমি ঠিক সে ভাবে একেবারেই দেখতে পছন্দ করি না,’ বলছেন তিনি।