‘আপনার সরল সত্যির স্বীকারোক্তি’, মোদীর মন্তব্যকেই অস্ত্র করলেন রাগা - 24 Ghanta Bangla News
Home

‘আপনার সরল সত্যির স্বীকারোক্তি’, মোদীর মন্তব্যকেই অস্ত্র করলেন রাগা

Spread the love

এই সময়: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যেখানে তাঁর অস্ত্র, প্রধানমন্ত্রীর মোদীর বক্তব্যই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ করা এক পোস্টে রাহুলের মন্তব্য, ‘গতকালই প্রধানমন্ত্রী দেশের শিল্পপতিদের তুলোধোনা করেছেন। বলেছেন, কেন্দ্রীয় সরকার কর কমালেও তাঁরা তার সঙ্গে সঙ্গতি রেখে কর্মীদের বেতন বাড়াননি, চাকরি বাড়াননি। মোদীজি এগুলো মোটেই আপনার নালিশ নয়। বরং এগুলো আপনার সরল সত্যির স্বীকারোক্তি।’

এতেই না থেমে পোস্টে রাহুলের আরও দাবি, ‘আপনি বলেছেন, দেশের শিল্পপতিদের যতই দেওয়া হোক, তাঁদের পেট ভরানো সম্ভব হচ্ছে না। একদম যথার্থই বলেছেন। গোটা দেশ আপনার কাছ থেকে জানতে চায়, খিদেটা আসলে কার। বিমানবন্দর-পোর্ট-খনি-বন-বিদ্যুৎ-কয়লা-সড়ক—সবই তো তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। বলতে পারেন, এঁরা কতগুলো কর্মসংস্থান করেছেন এতসব পেয়ে?’

নাম না করে দেশের বড় শিল্পপতিদের সঙ্গে কেন্দ্রের সখ্যকে কড়া সমালোচনা করে রাহুল আরও লিখেছেন, ‘মোনোপলি কখনও কর্মসংস্থান বাড়ায় না। এটা শুধু দাম বাড়ায় আর বাজার থেকে বাকিদের মুছে দেয়। আদতে যারা কর্মসংস্থান তৈরি করে সেই এমএসএমই সেক্টরকে নোটবন্দি এবং ভুলে ভরা জিএসটি পরিকাঠামো দিয়ে ভেঙে দিয়েছেন আপনি নিজে। আর যে সব তুলনায় বড় সংস্থা সৎ ভাবে বাজারে করে খাচ্ছিল, আপনি তাদের মুছে দিয়েছেন। মোদীজি আপনি এবং আপনার বন্ধুরা যে লুটপাট চালিয়েছেন, চালাচ্ছেন—সেটা গোটা দেশ আগেই দেখেছে। এখনও দেখছে।’

রাহুলের কথায়, ‘গতকাল আপনি রাগ করেছেন কেউ আপনার নীতিকে প্রশংসা না করায়। আসলে বিষয়টা হলো, আপনার সরকারের এমন কোনও নীতি নেই, যা কারও প্রশংসা করার মতো—না বড় শিল্পপতির, না ছোট ব্যবসায়ীর, না গরিব বা মধ্যবিত্তের যারা মূল্যবৃদ্ধির ছেঁকা খাচ্ছে বা সেইসব চাকরি না পাওয়া শিক্ষিত তরুণদের। ফলে শুধুমাত্র যে ক’জন আপনার ধামাধরা রয়েছেন, তাঁরা ছাড়া কেউ আপনার স্তুতি করবে না বা আপনার কথায় থালা বাজাবে না।’ রাহুলের সুরে সুর মিলিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *