Tollywood: রিয়্যালিটি শোয়ের সেটে মর্মান্তিক ঘটনা, শোকের ছায়ায় টলিপাড়ায় | Technician death at a reality show set in Tollywood
স্টুডিওতে দুর্ঘটনা Image Credit: TV9 Bangla
টলিগঞ্জ: টলিপাড়ায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল এক টেকনিশিয়ানের। জানা গিয়েছে, একটি রিয়্যালিটি শো-এর সেটে কাজ করছিলেন তিনি, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম চন্দ্রকান্ত। তিনি ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।
জোকা নারায়ণী ষ্টুডিও-তে ওই দুর্ঘটনা ঘটে। হরিদেবপুর থানা এলাকার ঘটনা। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যে সাড়ে ৭টার সময় একটি রিয়েলিটি শো-এর শেড তৈরির কাজ চলছিল। সেই সময় কাজ করছিলেন চন্দ্রকান্ত। তিনি একটি ফ্লেক্স লাগাচ্ছিলেন, সেইসময় এই ঘটনা ঘটে।
সিঁড়ি লাগিয়ে কাজ করার সময় ২০ ফুট উপর থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা যাচ্ছে, বিদ্যুতের শক লেগে উপর থেকে নীচে পড়ে তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর পরিবারে খবর দেওয়া হয়েছে। ঘটনায় শোকের ছায়া টলিপাড়ায়।