Reliance: স্টারলিংককে টক্কর দিতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেবে রিলায়েন্স? জল্পনা বাড়ালেন মুকেশ অম্বানি! | India’s Own Satellite Internet, Reliance Plans 1600 Satellites To Connect Remote Areas Without Telecom Towers
ফাইল ছবিImage Credit: PTI
মুম্বই: আবার বড় ব্যবসায়িক প্ল্যান ভারতের ধনকুবের মুকেশ অম্বানি। ইলন মাস্কের স্টারলিংক-কে টক্কর দিতে ১৬০০টি স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার পরিকল্পনা করছে রিলায়েন্স। এই লক্ষ্যে ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থা, প্রযুক্তি সংস্থা ও শিল্পগোষ্ঠীদের সঙ্গে আলোচনায় বসতে পারে রিলায়েন্স।
সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, রিলায়েন্সের পরিকল্পনা হল ২০৩৫ সালের মধ্যে একটি ‘লো অর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক’ তৈরি করা। এই নেটওয়ার্কের মাধ্যেম জিও প্ল্যাটফর্মসের পরিষেবা আরও বাড়ানো যাবে। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা দেশের নানা প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে যেখানে টেলিকম পরিকাঠামো তৈরি করা কঠিন, সেই এলাকায় স্যাটেলাইট ইন্টারনেট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই প্রকল্পের গুরুত্বপূর্ণ দিক হল স্যাটেলাইট উৎক্ষেপণ ও সংগ্রহ। প্রাথমিকভাবে শোনা গিয়েছে, দেশে যেমন স্যাটেলাইট উৎপাদন করা হবে, তেমনই বিদেশ থেকেও স্যাটেলাইট কেনা হবে। প্রাথমিকভাবে, আমেরিকা থেকে ৪০০টি স্যাটেলাইট সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই সেখানকার দুটি সংস্থার সঙ্গে কথা বলাও শুরু করে দিয়েছে রিলায়েন্স। সূত্রের খবর, ২০২৮ সালের শুরুতে প্রথম পর্যায়ের পরিষেবা দেওয়া শুরু করবে রিলায়েন্স। এরপর ধাপে ধাপে আরও বড় নেটওয়ার্ক তৈরি করা হবে। তবে যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়া বেশ চ্যালেঞ্জিং, তাই ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে চায় রিলায়েন্স। বিশেষজ্ঞদের মতে, শুধু স্যাটেলাইট তৈরি করলেই হবে না। সেগুলিকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত রকেট উৎক্ষেপণের ব্যবস্থা করতে হবে। এমনকি পর্যাপ্ত রকেট উৎক্ষেপণ ও উপযুক্ত অরবিট্যাল স্লট পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
ইলন মাস্কের স্টারলিংক ইতিমধ্যেই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবায় বড় একটি নাম। বিশ্বের নানা দেশে স্যাটেলাইটের দ্বারা ইন্টারনেট পরিষেবা দিচ্ছে এই সংস্থাটি। রিলায়েন্সের পরিকল্পিত নেটওয়ার্কেও স্টারলিংকের সঙ্গে ভারতের বাজারে প্রতিযোগিতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুটি প্রকল্পের উদ্দেশ্য কিন্তু আলাদা। স্টারলিংক আন্তর্জাতিক স্টোরে পরিষেবা সম্প্রসারণের উপর জোর দিচ্ছে। সেখানে রিলায়েন্স চাইছে ভারতের যোগাযোগ ব্যবস্থা ও জরুরি প্রয়োজন মেটানো। যদিও স্টারলিংক-এর প্রবেশ নিয়ে এখনও অনেক নিরাপত্তা সংক্রান্ত বিষয় আলোচনায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্কের উপর অতিরিক্ত নির্ভরতা ভূ-রাজনৈতিক উত্তেজনার সময় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করতে পারে।
এই পরিস্থিতিতে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একদিকে দেশের যোগাযোগ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ রাখা ও জরুরি পরিস্থিতিতে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এই উদ্যোগ কার্যকর হতে পারে।