Pralay Pal: ‘খুব বেশি ক্ষতি হলে মৃত্যু হবে…’, বিজেপিতে SIR এর দাবি তোলার পর ফের পোস্ট প্রলয়ের | “Don’t Fear Death”: Nandigram BJP Leader Pralay Pal’s Social Media Post Sparks Political Stir
পূর্ব মেদিনীপুর: দুদিন আগেই তিনি বিজেপি-তে SIR-এর দাবি জানিয়েছিলেন। আর এই দাবি জানিয়ে নতুন করে চর্চায় চলে এসেছিলেন বিজেপি নেতা প্রলয় পাল। মাঝের কয়েক দিনের ব্যবধান। আবারও সমাজমাধ্যমে তাঁর পোস্ট। তিনি লিখলেন, “ প্রতিবাদ করতে ভয় পাও? আমি তো পাই না। কারণ খুব বেশি ক্ষতি হলে মৃত্যু হবে, যাকে আমি ভয় পাই না।” তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি আগের পোস্টের পর তাঁকে কোনোভাবে ভয় দেখানো বা হুমকি দেওয়া হচ্ছে? তিনি কি প্রাণনাশের আশঙ্কা করছেন? যদিও এই বিষয়ে সরাসরি কিছু খোলসা না করে জল্পনা জিইয়ে রেখেছেন ওই বিজেপি নেতা।
প্রলয় পালের ফেসবুক পোস্ট
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সমাজমাধ্যমে বিজেপির অন্দরে ‘SIR’ (সংস্কার বা শুদ্ধিকরণ) চেয়ে একটি পোস্ট করেছিলেন প্রলয় পাল, যার ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। সেই পোস্টে সরকারের ছয় মাসের মাথায় দলেরই মন্ত্রী, বিধায়ক ও রাজ্য সভাপতির সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রসঙ্গ টেনে সরব হয়েছিলেন তিনি। যেমন— তোলাবাজি আটকাতে না পেরে মন্ত্রীর পদত্যাগের ইচ্ছা প্রকাশ, বিধায়কের আক্ষেপ কিংবা পুলিশ ও মণ্ডল সভাপতিদের ভূমিকা নিয়ে রাজ্য সভাপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রলয় পালের সেই পোস্ট নিয়ে শোরগোল পড়েছিল। যদিও জেলা স্তরের বিজেপি নেতৃত্ব তখন ওই মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে নারাজ ছিলেন। তার মধ্যেই শনিবারের এই নতুন পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিল।
এদিকে, বিজেপি নেতার এই পোস্টকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা। সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েকের দাবি, “রাজ্যে সরকার বদলেছে, রঙ ও ফুল পাল্টেছে ঠিকই, কিন্তু আগের মতোই চুরি, দুর্নীতি ও তোলাবাজি বহাল রয়েছে; আর সেই কারণেই প্রলয় বাবুকে এমন পোস্ট করতে হচ্ছে।”
অন্যদিকে, কংগ্রেস নেতা মিলন প্রধানের দাবি, “রাজ্য ও নন্দীগ্রাম এখনো পুরনো ধাঁচেই চলছে এবং আদি বিজেপি নেতারা কোণঠাসা। তাঁর বক্তব্য, যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁরাই এখন দল পরিচালনা করছেন, আর সেই পরিস্থিতিতেই প্রলয় বাবু এমন ‘বিপ্লবী’ অবস্থান নিয়েছেন।”
যদিও তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পালের বক্তব্য, “স্পষ্ট কথা বলে অনেকের সঙ্গে শত্রুতা বাড়ে। আমি কাউকে ভয় পাই না, সত্যি কথা বলতে। তবে সত্যি কথা বললে অনেকের কাছেই খারাপ হই।”
সব মিলিয়ে, প্রলয় পালের পরপর দুটি ফেসবুক পোস্ট ঘিরে নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুর জেলা রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।