Indian Railways: প্রকৃত খরচের চেয়ে কম দামে যাত্রী পরিবহণ করে কেন ভারতীয় রেল? | Why Indian Railways Sells Passenger Journeys Below Cost
শুক্রবার রাত। দূরপাল্লার একটি ট্রেনের অসংরক্ষিত কামরা। তিনজনের বসার বেঞ্চে গাদাগাদি করে বসে রয়েছে পাঁচ সদস্যের একটি পরিবার। বাবার দু’হাঁটুর মাঝে রাখা একটি লোহার ট্রাঙ্ক। মায়ের কোলে ছোট্ট শিশু, পায়ের কাছে কাপড়ের ব্যাগে রাখা রুটি। দশ বছরের বড় ছেলেটি জানালার পাশে কোনওরকমে গুঁজে বসে কাচে নাক ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে। গন্তব্য ১১ ঘণ্টার দূরত্বে এক আত্মীয়ের বাড়ি। সেখানে এক ভাইয়ের বিয়েতে যোগ দিতে যাচ্ছেন তাঁরা। সেদিন সকালেই টিকিট কেটেছেন। ভাড়ার অঙ্কটা তাঁদের কাছে যথেষ্ট যুক্তিসঙ্গতই মনে হয়েছে। কিন্তু পরিবারের কেউই জানেন না, তাঁদের এই যাত্রার প্রকৃত খরচের অর্ধেকের সামান্য বেশি টাকা মাত্র তাঁরা ভাড়া হিসেবে দিয়েছেন।
ট্রেনের টিকিট দেখতে আর পাঁচটা সাধারণ বিলের মতোই। কিন্তু এটি এমন একটি বিল, যা আমরা প্রায় সকলেই পরিশোধ করি, অথচ জানি না যে আমরা যে পরিষেবা পাচ্ছি, তার প্রকৃত খরচের তুলনায় এই বিলের অঙ্ক অনেকটাই কম। ২০২৩-২৪ অর্থবর্ষে যাত্রী পরিবহণের জন্য ভারতীয় রেলের যে খরচ হয়েছিল, টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল তার তুলনায় অনেক কম। রেলের হিসাব অনুযায়ী, এই ঘাটতির পরিমাণ ছিল ৬০,৪৬৬ কোটি টাকা। গড়ে একজন যাত্রী তাঁর যাত্রার প্রকৃত খরচের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম ভাড়া দেন। সহজ হিসেব বলছে, কোনও যাত্রীর টিকিটের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে সেই যাত্রা সম্পন্ন করতে রেলের খরচ হয় প্রায় ১৮২ টাকা। অর্থাৎ, বাকি টাকাটা অন্য কেউ মেটাচ্ছেন।
প্রতি বছর ভারতীয় রেলে কত মানুষ যাতায়াত করেন?
বিষয়টির গুরুত্ব বুঝতে হলে প্রথমেই দেখতে হবে ভারতীয় রেলের পরিষেবার ব্যাপ্তি। প্রতি বছর ৭২০ কোটিরও বেশি যাত্রীকে পরিবহণ করে ভারতীয় রেল। সংখ্যাটা প্রায় গোটা পৃথিবীর জনসংখ্যার সমান সংখ্যক যাত্রার কাছাকাছি। বহু পরিবারের কাছে দূরপাল্লার যাত্রার জন্য ভারতীয় রেলই একমাত্র সাশ্রয়ী মাধ্যম।
যাত্রী পরিবহণের ধরন দেখলেও বিষয়টি স্পষ্ট হয়। রেলের প্রায় ৭০ শতাংশ কামরা এবং ৭৮ শতাংশ আসনই অসংরক্ষিত বা নন-এসি শ্রেণির। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৬৫১ কোটি যাত্রী সাধারণ বা অসংরক্ষিত টিকিটে যাতায়াত করেছেন। অর্থাৎ, অধিকাংশ যাত্রাই হয় সবচেয়ে সাধারণ ও সস্তার কামরায়। আর এই পরিষেবা ব্যবহার করেন মূলত সেই মানুষরা, যাঁদের হাতে অন্য কোনও বিকল্প নেই। অন্য জেলার পরীক্ষাকেন্দ্রে যাওয়া কোনও পড়ুয়া, উৎসবে বাড়ি ফেরা কোনও পরিযায়ী শ্রমিক কিংবা আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়া একটি পরিবার—সকলেই এমন এক ভাড়ায় যাতায়াত করেন, যা যাত্রার প্রকৃত খরচের প্রতিফলন নয়।
রেলের যাত্রীভাড়ার ঘাটতি মেটায় কে?
প্রশ্ন হল, যাত্রীভাড়া থেকে পাওয়া অর্থ এবং যাত্রী পরিবহণের প্রকৃত খরচের মধ্যে যে বিপুল ফারাক রয়েছে, সেই টাকা আসে কোথা থেকে? রেলের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বিশেষজ্ঞরা এই ঘাটতি মেটানোর ক্ষেত্রে পণ্য পরিবহণ থেকে আসা আয়ের কথা বলে আসছেন। কয়লা, খাদ্যশস্য, সিমেন্ট ও ইস্পাতের মতো পণ্য পরিবহণকারী ট্রেনগুলি থেকে রেলের আয় তাদের পরিবহণ খরচের তুলনায় বেশি হয়। বহুল প্রচলিত ধারণা অনুযায়ী, পণ্য পরিবহণ থেকে আসা এই অতিরিক্ত আয় যাত্রী পরিবহণের খরচ মেটাতে সাহায্য করে।
এই ধারণা সঠিক হলে, একই রেলপথে চলা একটি কয়লাবোঝাই মালগাড়ির আয় কোনও সাধারণ যাত্রীর সস্তার টিকিটের খরচ বহনে সাহায্য করছে। এটি রেলের হিসাবের কোনও ভুল নয়। বরং ভারী পণ্য পরিবহণ থেকে আয় করে সাধারণ মানুষের যাতায়াতের খরচ জোগানোর একটি ব্যবস্থা।
যাত্রীভাড়া কি প্রকৃত খরচের চেয়ে কমই রাখা উচিত?
এই সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে। দুই পক্ষের যুক্তিতেই কিছু বাস্তবতা আছে। যাঁরা কম ভাড়ার পক্ষে, তাঁদের যুক্তি, রেল একটি জনপরিষেবা। গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করে রেল। শ্রমিকদের বাড়ি ফেরায়, পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। প্রকৃত খরচ অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হলে যাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁদের অনেকের কাছেই রেল পরিষেবা নাগালের বাইরে চলে যাবে। তাঁদের মতে, দরিদ্র মানুষের কাছ থেকে মুনাফা অর্জন করতে শুরু করলে রেল তার অস্তিত্বের মূল উদ্দেশ্যই ভুলে যাবে।
অন্যদিকে, রেলের ভর্তুকি নিয়ে যাঁরা উদ্বিগ্ন, তাঁদের যুক্তিও কম গুরুত্বপূর্ণ নয়। যাত্রীবাহী ট্রেন লোকসানে চললে নতুন রেললাইন তৈরি, সিগন্যাল ব্যবস্থার নিরাপত্তা বৃদ্ধি এবং অতিরিক্ত কামরা সংযোজনের মতো গুরুত্বপূর্ণ খাতে খরচ করার জন্য অর্থ কমে যায়। যাত্রীদের যে চরম ভিড়ের মধ্যে যাতায়াত করতে হয়, তার পিছনেও রয়েছে চাহিদার তুলনায় সীমিত পরিষেবা এবং কম ভাড়ার বিষয়টি।
আবার যাত্রী পরিবহণের ঘাটতি মেটাতে পণ্য পরিবহণের ভাড়া বাড়ানো হলে পণ্যের দামও বেড়ে যেতে পারে। ফলে ব্যবসায়ীরা রেলের পরিবর্তে ট্রাকে পণ্য পরিবহণ করতে উৎসাহী হতে পারেন। তাতে যে পণ্য পরিবহণের আয় থেকে সস্তায় যাত্রী পরিষেবা চালানোর ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাই দুর্বল হয়ে পড়বে।
কম ভাড়া ও ট্রেনের অতিরিক্ত ভিড়ের পিছনে কি একই কারণ রয়েছে?
কোনও পক্ষের যুক্তিই একেবারে অযৌক্তিক নয়। আসল প্রশ্ন ভর্তুকির পক্ষে বা বিপক্ষে থাকা নয়। বরং দেখতে হবে, এই অর্থ প্রকৃতপক্ষে যাঁদের প্রয়োজন, তাঁদের কাছে পৌঁছচ্ছে কি না। পাশাপাশি, যাত্রীদের স্বাচ্ছন্দ্যে পরিবহণ করার মতো দ্রুত গতিতে রেল পরিষেবার সম্প্রসারণ হচ্ছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ।
এই বিতর্কের মধ্যে একটি বিষয় প্রায়ই আড়ালে থেকে যায়। কম ভাড়ায় যাতায়াত এবং ট্রেনের অতিরিক্ত ভিড়—দুটির পিছনেই অনেক সময় একই কারণ কাজ করে। যে কম ভাড়ার সুবিধায় একটি পরিবার আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যেতে পারে, সেই কম ভাড়াই আবার কামরায় অতিরিক্ত ভিড়ের অন্যতম কারণ।
ট্রেনযাত্রার বৃহত্তর সামাজিক গুরুত্বের হিসেব কি টিকিটের দামে ধরা পড়ে?
যাত্রীভাড়া নিয়ে আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায় কখনওই উঠে আসে না। দীর্ঘ দূরত্বে বিপুল সংখ্যক মানুষকে পরিবহণ করার অন্যতম দক্ষ মাধ্যম হল রেল। একটি পূর্ণ ট্রেন হাজার হাজার যাত্রীকে নিয়ে যেতে পারে, অথচ তার জন্য প্রয়োজন হয় মাত্র একটি রাস্তার লেনের সমান চওড়া রেলপথ।
যত বেশি মানুষ ট্রেনে যাতায়াত করবেন, তত কম মানুষ সড়কপথ ব্যবহার করবেন। আর রাস্তায় গাড়ির সংখ্যা কমলে যানজট, দূষণ এবং দুর্ঘটনার আশঙ্কাও কমবে। রেলের প্রকৃত আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব তৈরি করতে হলে সমাজের জন্য রেলের এই সাশ্রয় ও উপকারিতার বিষয়গুলিও অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু এই সুবিধাগুলিকে কোনও খাতায়-কলমে টাকার অঙ্কে হিসাব করা বেশ কঠিন।
যাত্রা শেষ হয়, কিন্তু ভর্তুকির প্রশ্ন থেকেই যায়-
শেষ পর্যন্ত জানালার পাশে বসে থাকা ছেলেটি কাচে কপাল ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল। ট্রেনটি যখন তার আত্মীয়ের শহরে ঢোকার মুখে গতি কমাল, তখনই তার ঘুম ভাঙে। টিকিটের দাম কত পড়েছিল, তা নিয়ে সে কোনও প্রশ্ন করেনি। আসলে কেউই এমন প্রশ্ন করে না।
কিন্তু যদি আপনার যাত্রার খরচের একটা অংশ অন্য কেউ বহন করেন, তাহলে আপনি অন্য কার যাত্রার খরচ বহন করতে সাহায্য করছেন?
তথ্যসূত্র: ভারত সরকারের রেল মন্ত্রক। যাত্রী পরিবহণ, কামরা ও আসনের বিন্যাস, অসংরক্ষিত টিকিটে যাত্রীসংখ্যা (২০২৪-২৫) এবং যাত্রী পরিবহণে ভর্তুকি (২০২৩-২৪) সংক্রান্ত প্রকাশিত তথ্য। ১৮২ টাকার উদাহরণটি গড়ে ৪৫ শতাংশ ছাড়ের হিসাব থেকে নির্ণয় করা হয়েছে। পণ্য পরিবহণ থেকে আসা আয়ের মাধ্যমে যাত্রী পরিবহণের ভর্তুকি মেটানোর বিষয়টি রেল বিশেষজ্ঞদের মধ্যে বহুল প্রচলিত ধারণা, তবে এটি কোনও সরকারি পরিসংখ্যান নয়। প্রতিবেদনের পরিবারের ঘটনাটি কাল্পনিক, কিন্তু তথ্যগুলি বাস্তব।