India vs New Zealand: কিউয়িভূমে ব্যাটিং বিক্রম, প্রথম টেস্টে চালকের আসনে ভারতীয় দল | Padikkal Misses Century By 20 Runs, Rahul Hits 136 As India Dominate New Zealand In First Test
শুভমন গিল ও ঋষভ পন্থImage Credit: Facebook/BCCI
বেসিন রিজার্ভ: এই মুহূর্তে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের যা অবস্থা, এই মুহূর্তে চালকের আসনে ভারত। চূড়ান্ত অঘটন না ঘটলে এই টেস্টে হারবে না টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড করেছিল ৩৬৮ রান। জবাবে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪। সেঞ্চুরি করেছেন কে এল রাহুল। তবে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন অধিনায়ক শুভমন গিল। এই মুহূর্তে ক্রিজে আছেন ঋষভ পন্থ (৫৫ নঃআঃ) ও অংশুল কম্বোজ।
দ্বিতীয় দিনের শেষে ১৫৯/১ করেছিল ভারত। তবে তৃতীয়দিনে শুরু থেকেই নিউজিল্যান্ড বোলারদের উপর আক্রমণ করতে থাকেন গিল ও রাহুল। ২০৯ বলে সেঞ্চুরি করেন রাহুল। তবে তার সঙ্গে বলতেই হয় দেবদত্ত পাদিক্কালের কথাও। শেষ অবধি কাইল জেমিসনের বলে আউট হয়েছেন দেবদত্ত। মাত্র ২০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। ৯৮ রানের মাথায় জেকব ডাফির বলে বোল্ড হয়েছেন গিল। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন অংশুল কম্বোজ। তিনি ২ বলে ০ রানে অপরাজিত রয়েছেন। ৫৫ রানে ব্যাট করছেন ঋষভ পন্থও।
এই টেস্ট সিরিজ নিয়ে যথেষ্ট আগ্রহী ভারতীয় সমর্থকরা। কারণ, এই টেস্ট সিরিজে ২-০ জিততেই হবে ভারতকে। নাহলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার রাস্তায় অনেকটাই পিছিয়ে পড়বে ভারত। তাই এই টেস্ট সিরিজ জিততেই হবে ভারতকে। এরপরেই আবার অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজও রয়েছে টিম ইন্ডিয়ার। সেই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া রওনা দেবেন গিলরা। সেই সিরিজেও জিততে হবে তাঁদের। তবে, অজিরা নয়, এই মুহূর্তে ভারতের সবথেকে বড় মাথাব্যথা কিউয়িভূমে গিয়ে কিউয়ি বধ।