Bigg Boss Bangla: ‘অভিশাপ লাগবে, জীবন শেষ হয়ে যাবে!’ সৃজলার কাটা চুল হাতে ভোররাতে বলে দিলেন জীতু… | Jeetu kamal srijla guha relationship bigg boss bangla episode twist
‘বিগ বস বাংলা’-র ঘরে জীতু কমল ও সৃজলা গুহর সমীকরণে কি এবার ইতি পড়তে চলেছে? শুক্রবার সম্প্রচারিত পর্বে দুই প্রতিযোগীর কথাবার্তা ও আচরণে সেই জল্পনাই জোরালো হয়েছে। শুরু থেকেই টাস্কের ময়দানে একে অপরের পাশে দাঁড়াতে দেখা গেছে জীতু ও সৃজলাকে— সে কথা বাড়ির বাকি সদস্যদের পাশাপাশি দর্শকদেরও অজানা নয়। তাছাড়া ক্যামেরার সামনে একাধিকবার সৃজলার প্রতি নিজের ভালো লাগা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন জিতু। সৃজলা অবশ্য কখনওই সরাসরি ভালোবাসার কথা বলেননি, বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন; যদিও ঘরের ভেতর একমাত্র জীতুই তাঁকে সমর্থন করেন ও পাশে থাকেন— এমন কথা বারবার স্বীকার করেছেন তিনি। তবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার ফুটেজে তাঁদের সম্পর্কের এক অন্য ছবিই ধরা পড়েছে।
পর্বের একটি অংশে রাত সাড়ে ৩টার দৃশ্যে দেখা যায়, পাউডার রুমের সোফায় বসে একাই বিড়বিড় করছেন সৃজলা। তাঁর কথায় শোনা যায়, “এইরকম হয়? এইরকম হয়? এইভাবে ভালোবাসা.. এতটা ভালোবাসা..!” ঠিক তার পরেই বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখা যায় জীতুকে।
এরপর ভোর পাঁচটার ফুটেজে দু’জনকেই গার্ডেন এরিয়ায় আসতে দেখা যায়। সেখানে টাস্কের জন্য কেটে রাখা সৃজলার চুলের অংশ তাঁর হাতে তুলে দিয়ে জিতু বলেন, “এই নাও তোমার জিনিস। এটা নিয়ে আমাদের মধ্যে কোনওদিন কোনও কথা হয়নি, হবেও না। চিন্তা কোরো না। অভিশাপ হয়ে যাবে.. জীবন শেষ হয়ে যাবে। সবকিছু ভালো কিন্তু একটা জুটি ভালো আছে, তাদেরকে ভাঙা.. কখনও না.. কখনও না। সব নিজের কাছে রেখে দাও।”
কথা প্রসঙ্গে জিতু আরও বলেন, “যাও শুয়ে পড়ো। আর ১৬ দিন বাকি, আমি সামলে নেব। আমি ফিল্মি মানুষ, অন্যভাবে অন্য পৃথিবী ভাবি। কিন্তু এটা হবে না। সবটা হয় এমন তো নয়!” জিতুর এত কথা শোনালেও এদিন সৃজলাকে কোনও উত্তর দিতে দেখা যায়নি। উল্লেখ্য, এর আগেও জিতু জানিয়েছিলেন যে বাড়ির বাইরে সৃজলার একটি সম্পর্ক রয়েছে এবং তিনি সেই সম্পর্ক নষ্ট করতে চান না। এবার তবে কি জীতু ও সৃজলার মধ্যে দূরত্ব তৈরি হবে? তা জানতে চোখ রাখতে হবে আগামী পর্বগুলোতে।