Early Menstruation: মাত্র ৬ বছরেই ঋতুস্রাব! ভারতে বাড়ছে অকাল বয়ঃসন্ধি, কারণ নিয়ে কী বলছেন চিকিৎসকরা? | Precocious Puberty: Early Menstruation in Girls Raises Health Concerns in India
ফাইল ছবিImage Credit: Pexel
নয়া দিল্লি: মাত্র ছয় বছর বয়স। যে বয়সে পুতুল নিয়ে খেলার কথা, সেই বয়সেই শরীরে দেখা দিচ্ছে বয়ঃসন্ধির লক্ষণ। কারও স্তনের বিকাশ হচ্ছে, কারও আবার শুরু হচ্ছে ঋতুস্রাব। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের একাংশের পর্যবেক্ষণ সাম্প্রতিক সময়ে ভারতে শিশুদের মধ্যে অকাল বয়ঃসন্ধির প্রবণতা বাড়ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা বেশি নজরে আসছে। শুধু শারীরিক পরিবর্তনই নয়, এত কম বয়সে এই পরিস্থিতির মুখোমুখি হওয়ায় মানসিকভাবেও সমস্যায় পড়ছে শিশুরা।
ছয় বছরেই ঋতুস্রাব, উদ্বেগে অভিভাবকরা
বিবিসি বাংলার প্রতিবেদনে একটি উদাহরণ তুলে ধরা হয়েছে। পশ্চিম ভারতের সাতারা জেলার বাসিন্দা অর্চনা (নাম পরিবর্তিত)। তাঁর ছয় বছরের মেয়ের শরীরে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন তিনি। বয়সের তুলনায় দ্রুত শারীরিক গঠন বদলে যাচ্ছিল। স্বাভাবিকের তুলনায় রাগও বেড়ে গিয়েছিল শিশুটির। উদ্বিগ্ন হয়ে চিকিৎসকের দ্বারস্থ হন মা।
একই অভিজ্ঞতা দিল্লির বাসিন্দা রাশিরও। তাঁর ছয় বছরের মেয়ের ওজন বেড়ে দাঁড়িয়েছিল ৪০ কেজি। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তিনি। কিন্তু একদিন হঠাৎ রক্তক্ষরণের কথা জানায় শিশুটি। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায়, তার ঋতুস্রাব শুরু হয়েছে। এত কম বয়সে মেয়ের এই শারীরিক পরিবর্তন মেনে নিতে পারেননি রাশি। কীভাবে সন্তানকে বিষয়টি বোঝাবেন, তা নিয়েও তৈরি হয় উদ্বেগ।
কী এই অকাল বয়ঃসন্ধি?
চিকিৎসকদের ভাষায়, নির্ধারিত বয়সের আগেই শিশুদের শরীরে বয়ঃসন্ধির লক্ষণ দেখা দেওয়াকে বলা হয় অকালপক্ক বয়ঃসন্ধি বা প্রিকোশাস পাবার্টি (Precocious Puberty)। সাধারণত মেয়েদের ক্ষেত্রে আট বছর এবং ছেলেদের ক্ষেত্রে নয় বছরের আগে বয়ঃসন্ধির লক্ষণ দেখা দিলে তা অকাল বয়ঃসন্ধি হিসেবে বিবেচিত হয়।
এই সময়ে শিশুদের শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। মেয়েদের স্তনের বিকাশ, শরীরে লোমের বৃদ্ধি এবং ঋতুস্রাব শুরু হতে পারে। ছেলেদের ক্ষেত্রে যৌনাঙ্গের বিকাশ, মুখে দাড়ি-গোঁফের মতো পরিবর্তন দেখা যায়।
পুনের মাদারহুড হাসপাতালের চিকিৎসক সুশীল গারুড়ের কথায়, অর্চনার মেয়েকে পরীক্ষা করে বয়ঃসন্ধির একাধিক লক্ষণ পাওয়া গিয়েছিল। শিশুটির শারীরিক গঠন দেখে মনে হচ্ছিল, সে ১৪-১৫ বছরের কিশোরী। রক্তে হরমোনের মাত্রাও ছিল বয়সের তুলনায় অনেক বেশি।
কেন বাড়ছে অকাল বয়ঃসন্ধির প্রবণতা?
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের মতে, অকাল বয়ঃসন্ধির পিছনে কোনও একটি নির্দিষ্ট কারণ নেই। একাধিক বিষয় এর জন্য দায়ী হতে পারে। সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে স্থূলতা, খাদ্যে ব্যবহৃত প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী রাসায়নিক এবং পরিবেশ দূষণ।
চিকিৎসক প্রশান্ত পাতিলের মতে, শিশুদের মধ্যে স্থূলতা অকাল বয়ঃসন্ধির অন্যতম বড় কারণ। কোভিড অতিমারির সময়ে শিশুদের শারীরিক সক্রিয়তা কমে যাওয়া এবং ওজন বেড়ে যাওয়ার প্রভাবও পড়তে পারে।
অতিরিক্ত মোবাইল ফোন, টিভি বা অন্যান্য ডিজিটাল স্ক্রিনের ব্যবহার এবং শরীরচর্চার অভাবকেও সম্ভাব্য ঝুঁকির কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা। যদিও স্ক্রিন টাইম সরাসরি অকাল বয়ঃসন্ধি ঘটায়, এমন কোনও নিশ্চিত প্রমাণ নেই। তবে, জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এর পরোক্ষ প্রভাব থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
কমছে বয়ঃসন্ধি ও ঋতুস্রাবের মধ্যবর্তী সময়
শুধু কম বয়সে বয়ঃসন্ধি শুরু হওয়াই নয়, শারীরিক পরিবর্তন এবং ঋতুস্রাব শুরুর মধ্যবর্তী সময়ও কমে আসছে বলে পর্যবেক্ষণ চিকিৎসকদের। বিবিসি বাংলার প্রতিবেদনে শিশুরোগ বিশেষজ্ঞ ও হরমোন বিশেষজ্ঞ বৈশাখী রুস্তেগী জানিয়েছেন, আগে মেয়েদের শরীরে বয়ঃসন্ধির প্রথম লক্ষণ দেখা দেওয়ার ১৮ মাস থেকে তিন বছর পর ঋতুস্রাব শুরু হত। এখন অনেক ক্ষেত্রে শারীরিক পরিবর্তন শুরু হওয়ার মাত্র তিন-চার মাসের মধ্যেই ঋতুস্রাব শুরু হয়ে যাচ্ছে।
ছেলেদের ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। আগে বয়ঃসন্ধি শুরুর কয়েক বছর পর দাড়ি-গোঁফের বৃদ্ধি হত। এখন অনেকের ক্ষেত্রে এক থেকে দেড় বছরের মধ্যেই সেই লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বাড়ছে মানসিক চাপ
অকাল বয়ঃসন্ধির প্রভাব শুধু শরীরেই সীমাবদ্ধ নয়। চিকিৎসকদের মতে, এই বয়সে ঋতুস্রাব শুরু হলে শিশুর পক্ষে বিষয়টি বোঝা এবং সামলানো কঠিন হয়ে পড়ে। ঋতুস্রাবের সময় প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বজায় রাখা বা নিজের যত্ন নেওয়ার মতো মানসিক পরিপক্বতাও অনেকের থাকে না।এছাড়া শারীরিক গঠনে অস্বাভাবিক পরিবর্তনের কারণে সমবয়সীদের কটাক্ষ বা বুলিংয়ের শিকার হতে পারে শিশুরা। তার প্রভাব পড়ে আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্যে। তাই অল্প বয়সে শরীরে বয়ঃসন্ধির কোনও লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।