জেলে গিয়ে সুজিত বসুকে জেরা সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। শনিবার জেল হেফাজতে থাকা সুজিতকে গিয়ে প্রশ্ন করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জেলে গিয়ে জেরার জন্য আদালতের অনুমতি চেয়েছিল সিবিআই। বিচারকের সম্মতি পাওয়ার পরই শুরু হয় জিজ্ঞাসাবাদ।
দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে থাকার সময় সুজিত বসুর বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের সন্দেহ, টাকার বিনিময়ে পুরসভায় চাকরির ব্যবস্থা করা কিংবা নিয়োগের জন্য প্রভাব খাটানোর ঘটনায় তাঁর ভূমিকা থাকতে পারে। এই মামলায় আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুজিতের ঘনিষ্ঠ বলে পরিচিত নিতাই দত্ত, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং অয়ন শীলকে। তাঁদের জিজ্ঞাসাবাদে সুজিতের নাম উঠে আসে বলে তদন্ত সূত্রে খবর। এরপরই ইডির মামলায় বন্দি প্রাক্তন মন্ত্রীকে জেরার উদ্যোগ নেয় সিবিআই।
উল্লেখ্য, গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের অভিযোগে সুজিতকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই জেলবন্দি তিনি। তদন্তের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে আরও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। এমনকী তাঁর ছেলের রেস্তরাঁকে কেন্দ্র করেও বেআইনি কাজের অভিযোগ খতিয়ে দেখেন তদন্তকারীরা। বিভিন্ন জায়গায় তল্লাশিও চালায় ইডি।
এদিকে জামিনের আবেদন করেও স্বস্তি পাননি প্রাক্তন মন্ত্রী। কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের বিরোধিতা করে ইডি জানায়, মুক্তি পেলে প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করার আশঙ্কা রয়েছে। এতে তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে। সেই যুক্তি বিবেচনা করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিনের আবেদন খারিজ করেন। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুজিত। সেখানে মামলার শুনানি হলেও এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। ফলে জেলেই রয়েছেন তিনি।
ইডির মামলায় বন্দি থাকলেও পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আলাদা করে তাঁকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই জেরায় কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।
মমতার ১৫ বছরের প্রতিশ্রুতি মিথ্যে? MSME উৎপাদনশীলতায় এখনও পিছিয়ে বাংলা
ভারতে নাশকতার ছক! পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি ISI চর