আত্মনির্ভর ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা খড়গপুর IIT-র, পড়ুয়াদের কী বার্তা দিলেন মোদী? - 24 Ghanta Bangla News
Home

আত্মনির্ভর ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা খড়গপুর IIT-র, পড়ুয়াদের কী বার্তা দিলেন মোদী?

Spread the love


নয়াদিল্লি: আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশের প্রযুক্তিগত উন্নয়নে খড়গপুর আইআইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে ভারতের প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও শিল্পক্ষেত্রের অগ্রগতিতে এই প্রতিষ্ঠানের পড়ুয়ারাই বড় দায়িত্ব নেবেন। খড়গপুর আইআইটির ৭৫তম প্রতিষ্ঠাবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানের শুরুতে পড়ুয়াদের তৈরি বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন, চিকিৎসা প্রযুক্তি এবং একাধিক মডেল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে সরাসরি কথাও বলেন তিনি। আগামী দিনের ভারত নিয়ে তাঁদের ভাবনা ও পরিকল্পনা জানতে চান। মোদীর বক্তব্য, দেশের প্রয়োজনের সময়ে প্রযুক্তির শক্তিই বারবার ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছে। দেশের সফটওয়্যার শিল্প থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তরুণ প্রযুক্তিবিদদের অবদান গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে খড়গপুর আইআইটি আগামী দিনে আরও বড় ভূমিকা পালন করবে। মহাকাশ গবেষণা থেকে নতুন প্রজন্মের বিমান তৈরির উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। দেশের স্পেস সেক্টরেও নতুন প্রজন্মকে কাজের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

যুব সমাজকে নিজেদের স্বপ্নের পরিধি ছোট না করার পরামর্শও দেন মোদী। তাঁর কথায়, অনেক সময় অন্যরা তরুণদের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কিন্তু সেই নেতিবাচক মনোভাবকে গুরুত্ব দেওয়া উচিত নয়। যুব সমাজ যখন বড় স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্যে এগিয়ে যায়, তখনই দেশের প্রকৃত শক্তি প্রকাশ পায়।

দেশে কর্মসংস্থান ও শিল্পের প্রসঙ্গেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত ১২ বছরে বহু নতুন সংস্থাকে ভারতে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। আগে বিদেশি সংস্থাগুলিকে দেশের শিল্পক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হত। সেই পরিস্থিতি বদলে বিনিয়োগ ও শিল্পের জন্য নতুন পরিবেশ তৈরি করা হয়েছে।

পড়ুয়াদের উদ্দেশে মোদীর বার্তা, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের স্বার্থকেও অগ্রাধিকার দিতে হবে। তাঁর আশা, খড়গপুর আইআইটির বর্তমান পড়ুয়াদের অনেকেই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবেন। প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১০০তম বর্ষ উদযাপনের সময় ভারত বিকশিত রাষ্ট্র হিসেবে বিশ্বকে পথ দেখাবে।

শেষে স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করিয়ে পড়ুয়াদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে চিনের ছক? অপারেশন সিঁদুর নিয়ে চাঞ্চল্যকর দাবি

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন সরাসরি প্রত্যাখ্যান মোদী সরকারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *