সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন ও ওষুধ নিয়ে বড় নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন নিয়ে নির্দেশ:
সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডে ওষুধ লিখতে হবে চিকিৎসকদের। সেই প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম, পদবি ও মেডিক্যাল রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট ভাবে উল্লেখ করা থাকবে, তারই সঙ্গে থাকবে তাঁর স্বাক্ষরও। আরও একটি নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালের তালিকাভুক্ত নয়, এমন কোনও ওষুধ বা চিকিৎসার সামগ্রী প্রেসক্রিপশনে লেখা হলে, সেগুলিও রোগীকে বাইরে থেকে কিনতে বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষকেই স্থানীয় ভাবে তা কিনে রোগীকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
শনিবার স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশে রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অন্য হাসপাতালের সুপার ও এমএসভিপিদের এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় আগের জারি করা নির্দেশ ও নির্ধারিত পদ্ধতির পুনরুল্লেখ করে বলা হয়েছে, হাসপাতালের নিজস্ব স্টেশনারি বা প্রেসক্রিপশন পেপারেই সমস্ত ওষুধ লিখতে হবে। চিকিৎসকের নাম বড় হাতের অক্ষরে লেখার কথাও বলা হয়েছে।