‘রামায়ণ’–এ রহমান-জ়িমারের সঙ্গে বাংলার ছেলে অর্ণবের কম্পোজ় করা গানও
‘অওয়ধ কে রাম চলে’ গানটি তৈরি করার যখন প্রস্তাব পান, জীবনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অর্ণব। তাই এই গানটির সঙ্গে অন্য এক অনুভূতি জড়িয়ে রয়েছে তাঁর। সুরকারের কথায়, ‘আমার জীবনের খারাপ সময় ছিল সেটা। ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার হাতে কোনও কাজ ছিল না। সেই সময়ে এই গানটা, আর প্রথম ‘বহুরূপী’র ‘তুই আমার হয়ে যা’ গানটা তৈরি করেছিলাম। গানটা যখন বানিয়েছিলাম, খুব কষ্টের মধ্যে ছিলাম। হয়তো সেই অনুভূতিই আমার সাবকনশাস মাইন্ডে কোথাও কাজ করেছিল।’ কী ভাবে এলো ‘রামায়ণ’-এর প্রস্তাব? জবাবে অর্ণব বলছেন, ‘আমি মুম্বইয়ে থাকি। সঙ্গীতের কাজের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য চাকরিও করি। আমি ভালো কাজ করতে চাই। শুধুমাত্র কাজ করার জন্য কাজ করতে চাই না। তাই কনসালট্যান্ট হিসেবে চাকরি করি। ‘রামায়ণ’-এর প্রস্তাব আমার কাছে আসে ২০২৩-এর ডিসেম্বরে। আমার খুব কাছের একজন মানুষ বলেন, একটি ডিভোশনাল গান প্রয়োজন। রামকে ভেবে গানটা তৈরি করতে হবে। কেন, কোথায় লাগবে গানটা— এসব কিছুই জানতাম না। ২০২৪-এর ফেব্রুয়ারিতে গানের প্রথম ড্রাফ্ট জমা দিই। তার পরে একে একে কথা হয় ছবির ক্রিয়েটিভ হেড, মিউজ়িক হেড এবং পরিচালকের সঙ্গে। প্রায় দেড় বছর পর গানটি নমিত স্যরের (মালহোত্রা) খুব পছন্দ হয়। গানটির প্রথম ভার্সনের নাম ছিল ‘রাম আয়ো’। পরে আলোচনার মাধ্যমে রামের বনবাসের সময়ের প্রেক্ষাপটে গানটিকে নতুন ভাবে সাজানোর কথা বলা হয়। সেই অনুযায়ী গানটির কাঠামোয় পরিবর্তন আনি। কুমার বিশ্বাসের লেখা নতুন লিরিক্সের সঙ্গে গানটি ফের তৈরি হয়।’ গানটি গেয়েছেন অভয় যোধপুরকর। নিজের তৈরি করা গান নিজে গাইলেন না কেন? অর্ণব বলছেন, ‘এই সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। আমার ভার্সন শেষ পর্যন্ত ছিল। বেশ চার-পাঁচ জন গানটা গেয়েছেন। গাওয়ার পর অভয়ও গানটা গেয়েছেন। শেষ পর্যন্ত ওঁর ভার্সনটাই বেছে নেওয়া হয়েছে। অভয় যথেষ্ট ভালো গেয়েছেন। পরে আমার সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে আমার ভার্সনটাও প্রকাশ করব। এ রকম একটা ইচ্ছে আছে।’ গায়ক, সুরকার কোন পরিচায়টা বেশি প্রিয়? গান লেখা, সুর করা এবং গান গাওয়া— এই তিনটি বিষয়কে আলাদা করে দেখতে নারাজ অর্ণব। তাঁর মতে, একটি সৃষ্টির মধ্যে এই তিনটি বিষয় একসঙ্গেই কাজ করে। ‘আমার পয়েন্ট অফ ভিউ থেকে গান লেখা, গান গাওয়া এবং গান কম্পোজ় করা তিনটেই এক জিনিস। অনেকটা মা রান্না করার সময়ে যেমন কতটা মশলা লাগবে, কতটা সব্জি দিতে হবে, এই সবটা মিলিয়েই একটা খাবার তৈরি করেন, গানও তেমনই। শেষ পর্যন্ত গানটা ভালো হওয়াই সব থেকে গুরুত্বপূর্ণ। আমি ব্যাপারটা এ ভাবেই দেখি’, বক্তব্য তাঁর।