নেশামুক্তির সচেতনতা প্রচার কলেজ ক্যাম্পাসে, স্লোগান 'নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত' - 24 Ghanta Bangla News
Home

নেশামুক্তির সচেতনতা প্রচার কলেজ ক্যাম্পাসে, স্লোগান 'নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত'

Spread the love

এই সময়, মেদিনীপুর: নেশার অন্ধকার থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলাকেই হাতিয়ার করল মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)। ‘নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার কলেজের জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) ইউনিটগুলির উদ্যোগে আয়োজিত হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।

অনুষ্ঠানে শপথ গ্রহণের পাশাপাশি ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় ব্যাডমিন্টন ও কবাডি প্রতিযোগিতার। কলেজের অধ্যক্ষ ড. স্বপ্না ঘোড়াই এই কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এনএসএস (ন্যাশনাল সার্ভিস স্কিম) প্রোগ্রাম অফিসার তথা পশ্চিম মেদিনীপুর জেলার এনএসএসের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার অধ্যাপক ড. শেখ সাব্বির হোসেন, অধ্যাপক পার্থপ্রতিম জানা এবং শারীরশিক্ষা বিভাগের প্রধান ড. নাসিম আহমেদ। অনুষ্ঠানের সূচনা হয় নেশামুক্তির শপথ গ্রহণের মধ্য দিয়ে। মাদকদ্রব্য থেকে নিজেদের দূরে রাখা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন পড়ুয়া-অধ্যাপকরা।

সাব্বির হোসেন বলেন, ‘জীবন একটাই, আর সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান সময়ে মাদক বা নেশা জাতীয় দ্রব্য এক নীরব ঘাতকের মতো আমাদের সমাজে, বিশেষ করে তরুণ প্রজন্মকে গ্রাস করেছে। কৌতূহলবশত বা সঙ্গ দোষে কিংবা সাময়িক হতাশা ভোলার জন্য অনেকেই নেশার পথে পা বাড়ায়। অথচ তারা বুঝতে পারেনা এই সাময়িক আনন্দই তাদের জীবনে সবচেয়ে বড় অন্ধকার ডেকে আনছে।’ কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ছাত্রীদের ব্যাডমিন্টন ও কবাডি প্রতিযোগিতা। অনুষ্ঠানে মোট ১৫০ জন ছাত্রী অংশগ্রহণ করেছিলেন।

শেষে অধ্যক্ষ ড. স্বপ্না ঘোড়াই বলেন, ‘সুস্থ ও উন্নত ভারত গড়ে তুলতে যুবসমাজের দায়িত্ব ও ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সুস্থ শরীর ও সুস্থ মন না থাকলে একাজ কখনও সম্ভব নয়। নেশার প্রবণতা থেকে যুব সমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *