উত্তরীয়, অঙ্গবস্ত্রে সায়, সমাবর্তনে গাউন পরার বিরোধিতায় উচ্চশিক্ষামন্ত্রী
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ‘২০৪৭–এ স্বাধীনতার শতবর্ষে ভারতকে বিকশিত ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়ে দেশ এগিয়ে চলেছে। এই সময়ে দাঁড়িয়ে দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর ইউরোপীয় মডেল বা শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ মানসিকতা বহন না করাই শ্রেয়।’ তিনি মনে করিয়ে দেন, ২০১৪-১৫–তেই কেন্দ্রীয় সরকার এই ঔপনিবেশিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছিল, যার ফলে এখন আর কোনও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে সমাবর্তনে গাউন বা হুড ব্যবহৃত হয় না। ইতিমধ্যেই দেশের বহু বিশ্ববিদ্যালয় ও কলেজ দেশীয় পোশাক এবং উত্তরীয় ব্যবহার শুরু করেছে। মন্ত্রীর দাবি, ভারতীয় ও বাংলার প্রাচীন প্রথা অনুযায়ী উপাধি প্রদানের সময়ে উত্তরীয় ও অঙ্গবস্ত্র দিয়েই সম্মান জানানো হতো। এ দিন ভারতীয় পোশাকে ডিগ্রি নেওয়ার জন্যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসাও করেন তিনি এবং রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ধীরে ধীরে এই সংস্কৃতি চালুর উপরে জোর দেন। ইতিহাসবিদ ও যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাসের কথায়, ‘এটা নিয়ে ভাবার অবশ্যই সময় এসেছে। বহু আগে ঔপনিবেশিক ব্যবস্থা থেকে শিক্ষাকে মুক্ত করতে বিশ্বভারতীতে কেবল উত্তরীয় পরে সমাবর্তনের রীতি শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঐতিহ্য এখনও সেখানে রয়েছে।’