ইছামতীর নদীর পাড়ে ধস, ক্ষতিপূরণ চান চাষিরা
এই সময়, বনগাঁ ও হিঙ্গলগঞ্জ: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির জেরে বনগাঁর ইছামতী নদীর ধারে ভাঙন শুরু হলো। মাটিতে ধস নেমে ইছামতীর উপরে রায়ব্রিজের নীচের কয়েকটি বাড়িতে ফাটল তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি কংক্রিটের বাড়ি। যে কোনও সময়ে নদীর ধারের বাড়িগুলি পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বনগাঁ শহরের উপর দিয়ে যাওয়া ইছামতী নদীর উপরে রয়েছে রায়ব্রিজ। এই ব্রিজের নীচে বহু বছর ধরেই নদীর ধারে বসবাস করছেন কয়েকটি পরিবার। নদীর জমি দখল করেই তাঁরা মাথা গোঁজার জন্য কংক্রিটের নির্মাণ করেছেন। ওই জমি বিদ্যাধরী ডিভিশনের অধীনে। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে ইছামতী নদীর ধারের সেই জমিতে ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ি। ঘরের দেওয়াকে ফাটল ধরেছে, বাইরের পানীয় জলের কলের জায়গা ধসে নদীর কাছে চলে গিয়েছে। শুক্রবার সকালে ধস আর ফাটল দেখার পর থেকেই রাতের ঘুম উড়েছে বসবাসকারীদের।
একটি বাড়ির বাসিন্দা যমুনাবালা দাস বলেন, ‘আমরা গরিব মানুষ। ভোর থেকেই দেখি বাড়ির জমিতে ধস নেমে দেওয়ালে ফাটল ধরেছে। পুরসভা কিংবা সরকার আমাদের একটু সাহায্য করুক।’ বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ‘পুরসভার ৫. ৬ এবং ১৬ নম্বর ওয়ার্ডের ইছামতী নদীর ধারে কিছু মানুষ দীর্ঘদিন ধরেই বসবাস করছেন। ওই জায়গা বিদ্যাধরী ডিভিশনের। সেটা কেন্দ্রের বিষয়। পুরসভার কিছু করণীয় নেই।’ বর্ষা মিটে গেলে বিদ্যাধরী ডিভিশনের সঙ্গে আলোচনা করে পুরসভা ওই জায়গায় শালের খুঁটি দিয়ে নদীর ধার ভাঙন আটকানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, টানা বৃষ্টিতে ধান ও সব্জি চাষে বড় রকম ক্ষতির আশঙ্কায় মাথায় হাত জেলার চাষিদের। এই অবস্থায় সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি করছেন উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার কয়েক হাজার কৃষক। সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখাঁয় এ দিনও ভারী বৃষ্টি হয়েছে। অসময়ের বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। একটু বেশি মুনাফার জন্য বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় শীতকালীন রবিশস্যের চাষিরা বিভিন্ন ধরনের সব্জি চাষ করেন।
সেই ফসল তুলে বিক্রি করার সময়েই এই দুর্যোগে বিট, গাজর, সিম, মুলো, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, বেগুনের মতো সব্জি মাঠেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। পাকা আমন ধানের গোড়ায় জল জমে ধানগাছ মাটিতে নুয়ে পড়ায় ধান চাষেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা।