আইজলকে হারিয়ে কেসি পাল মেমোরিয়াল টুর্নামেন্টের ফাইনালে ইস্টবেঙ্গল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শুক্রবার কে সি পাল মেমোরিয়াল (KC Paul Memorial Tournament) ট্রফির সেমিফাইনালে নেমেছিল ইস্টবেঙ্গলের (East Bengal) রিজার্ভ দল। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল পাহাড়ের শক্তিশালী ফুটবল ক্লাব আইজল এফসির বিরুদ্ধে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদের ছোটরা। ময়দানের এই প্রধানের হয়ে এদিন গোল করেন যথাক্রমে মহম্মদ বিলাল, আকাশ হেমব্রম এবং সঞ্জীব ঘোষ। অন্যদিকে, আইজল দলের হয়ে গোল পান এলিসা। এই জয়ের সুবাদে খেতাব জয়ের থেকে আর এক ম্যাচ দূরে লাল-হলুদ।
এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মহম্মদ বিলাল। প্রথম গোল হজম করার পর থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গিয়েছিল পাহাড়ের এই ফুটবল দলকে। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই দলের হয়ে দ্বিতীয় গোল করে যান আকাশ হেমব্রম। যারফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল মশাল ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান আরও বাড়ানোর পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। সেইমত সুযোগ বুঝেই আক্রমণ শানাতে শুরু করেছিল দল। তারপর প্রায় ৬৭ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করে যান সঞ্জীব।
পরবর্তীতে একটি গোল হজম করতে হলেও ফাইনালের টিকিট ছিনিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি তাদের। আগামী রবিবার সন্ধ্যায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নামবে ইস্টবেঙ্গল।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.