ধর্মান্তরকরণ, দুর্নীতি নিয়ে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের - 24 Ghanta Bangla News
Home

ধর্মান্তরকরণ, দুর্নীতি নিয়ে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

Spread the love

এই সময়, পুরুলিয়া: পালাবদলের পরে পুরুলিয়ায় শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে দলের বিজয়া সম্মিলনীর সমাবেশে যোগ দিয়ে জেলার সার্বিক উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের কড়া সতর্কবার্তা দেন তিনি।

বিগত প্রায় ৫০ বছর ধরে পুরুলিয়াকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলে শমীক লোধা-শবরদের মতো পিছিয়ে থাকা জনজাতির জন্য স্কুল, আদিবাসীদের জন্য নতুন বিশ্ববিদ্যালয়, আধুনিক বিশ্ববিদ্যালয়, আগামী তিন বছরের মধ্যে নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পুরুলিয়ায় বিমান নামানোর পরিকল্পনার কথা ঘোষণা করেন। জেলার রেয়ার আর্থ মিনারেল ও ম্যাঙ্গানিজ উত্তোলন প্রসঙ্গে শমীক বলেন, ‘অস্ট্রেলিয়ার হাই কমিশনার এসে আমাকে বলে গিয়েছেন, পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল তোলার ক্ষেত্রে তাঁরা তাঁদের টেকনোলজি দিয়ে সাহায্য করবেন।’

ধর্মান্তরকরণের বিরুদ্ধে সরব শমীকের স্পষ্ট বার্তা, বিজেপির লড়াই মুসলমান বা খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, তবে পুরুলিয়া ও বাঁকুড়ায় ব্যাপক হারে চলা ধর্মান্তকরণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। শিল্পী ভাতার নামে টাকা তোলার প্রসঙ্গ টেনে দলীয় কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘কোথাও কোনও কর্মীর বিচ্যুতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে নেতৃত্বকে জানাতে হবে।’ তৃণমূলকে যাত্রাপালা বলে আক্রমণ করেন তিনি। সিপিএমকে বিঁধে এবং কংগ্রেসের বিরুদ্ধে বাঙালির সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে সনিয়া গান্ধীর বইয়ের সমালোচনার প্রসঙ্গও টানেন।

সমাবেশে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূলের আমলের এক প্রাক্তন পুলিশ কর্তাকে নাম না-করে ‘উর্দিধারী তৃণমূলের জেলা সভাপতি’ বলে কটাক্ষ করে বিজেপি কর্মীদের উপরে অত্যাচারের প্রসঙ্গ তোলেন। দোষী পুলিশ কর্তাদের শাস্তির জন্য প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *