গুরুদ্বার ও স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ
এ দিন গুরুদ্বারে দুই পক্ষ মুখোমুখি হলে রীতিমতো হাতাহাতি হয় তাদের মধ্যে, রক্ত ঝরে গুরুদ্বারের প্রাঙ্গণে। পরিস্থিতি সামলাতে গুরুদ্বারে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, এ দিন সকালে পুরোনো কমিটির সদস্যরা গুরুদ্বারে এলে তাঁদের সঙ্গে নতুন কমিটির সদস্যদের বচসা শুরু হয়। নতুন কমিটির সম্পাদক গুরমিত সিংয়ের অভিযোগ, ‘পুরোনো কমিটির লোকজন এসে আমাদের উপরে চড়াও হয়। আমাকে মারধর করেছে। মুখ ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে।’ অন্য দিকে, পুরোনো কমিটির সদস্যদের দাবি, গুরুদ্বার ও স্কুল পরিচালনার দায়িত্ব এখনও তাঁদের হাতেই রয়েছে। নতুন কমিটি জোর করে সব দখল করতে চাইছে। পুরোনো কমিটির সভাপতি চঞ্চল সিং এ দিন দাবি করেন, ‘আদালতের নির্দেশ মতো আমি সভাপতি আছি। গুরুদ্বার ও স্কুল পরিচালনার দায়িত্ব আমাদের। কিন্তু নতুন কমিটির লোকজন তা মানছেন না। জোর করে আমাদের সরিয়ে দখল নিতে চাইছেন।’