আকভানের মেঘপুঞ্জ দু’ভাগ! বাংলায় বাড়ল অতি ভারী বৃষ্টির আশঙ্কা - 24 Ghanta Bangla News
Home

আকভানের মেঘপুঞ্জ দু’ভাগ! বাংলায় বাড়ল অতি ভারী বৃষ্টির আশঙ্কা

Spread the love


কলকাতা: ওড়িশার উপকূলে আছড়ে পড়ার আগেই চরিত্র বদলাল ঘূর্ণিঝড় আকভান। ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও বিপদ পুরোপুরি কাটছে না। বরং মেঘপুঞ্জের একাংশ দক্ষিণবঙ্গের দিকে সরে আসায় বৃষ্টির আশঙ্কা আরও বেড়েছে। বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

মৌসম ভবনের পর্যবেক্ষণ অনুযায়ী, আকভানের মেঘপুঞ্জ কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর পিছনে রয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বাতাসের গতিবেগ ও অভিমুখের পার্থক্য। আবহাওয়াবিজ্ঞানের ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় ‘হাই উইন্ড শিয়ার’। এর ফলে ঘূর্ণিঝড়ের সংগঠিত কাঠামো দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু মেঘ ছড়িয়ে পড়ায় বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। ফলে ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও বাংলার জন্য দুর্যোগের আশঙ্কা থাকছে।

কখন আছড়ে পড়বে ওড়িশায়?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই গতি বাড়িয়েছে আকভান। বৃহস্পতিবার দুপুরের আগেই ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড়টির। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে। উত্তাল সমুদ্রের কারণে সতর্কতা জারি রয়েছে। স্থানীয় প্রশাসনের তরফেও মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

তীব্র ঘূর্ণিঝড় নয়, সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই স্থলভাগে প্রবেশ করতে পারে আকভান। তবে ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ইতিমধ্যে গোপালপুরে ১৬৬ মিলিমিটার এবং পুরীতে ৭৩ মিলিমিটার বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পুরীর সমুদ্রসৈকতেও পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

দক্ষিণবঙ্গের কোন জেলায় সতর্কতা?

আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা। কলকাতা, হাওড়া ও হুগলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

জলমগ্ন হতে পারে কলকাতার নিচু এলাকা

নিম্নচাপের প্রভাব ও ঘূর্ণিঝড়ের মেঘপুঞ্জের কারণে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৪ ঘণ্টায় শহরে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোনও কোনও সময়ে ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

একটানা বৃষ্টিতে কলকাতার নিচু এলাকা এবং শহরতলির বেশ কিছু জায়গায় জল জমতে পারে। পরিস্থিতি অনুযায়ী আন্ডারপাস বন্ধ রাখার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে দুর্যোগের সম্পূর্ণ অবসান এখনই হচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আরও পড়ুন-

‘আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন’, অভিষেককে ভর্ৎসনা হাইকোর্টের

পিছিয়ে গেল ২০২৭-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, প্রকাশিত সম্ভাব্য সূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *