WB Police: ‘সাব্বাস’! প্রিন্সিকার জীবনে ‘দেবদূতে’র মতো এসে আজ মানুষের ভালোবাসার শিখরে SI আকাশ! | Bankura Police Heroism: Sub Inspector Jumps into Damodar River to Save 3 Year Old Girl During Chhath Puja
এসআই আকাশ পাত্রImage Credit: ফেসবুক
ঘটনাটা ছট্ পুজোর দিন অর্থাৎ গত সোমবার। ছটপুজোর আনন্দের মাঝেই দামোদর নদের ঘাটে ঘটে যেতে পারত বড়সড় অঘটন। বাঁকুড়া জেলার মেজিয়া থানা এলাকায় ধুমধাম করে ছটপুজো পালিত হচ্ছিল। উৎসবের আনন্দে শামিল হতে গির্জাপাড়া এলাকার বাসিন্দা প্রিন্স কুমার তাঁর পরিবার এবং ৩ বছরের ছোট্ট মেয়ে প্রিন্সিকা কুমারীকে নিয়ে দামোদর নদের ঘাটে গিয়েছিলেন।
ঘাটে তখন প্রচণ্ড ভিড় এবং সকলেই পুজোর আচার-অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। সেই ভিড়ের মধ্যেই মুহূর্তের অসতর্কতায় সকলের চোখের আড়ালে আচমকাই দামোদরের জলে পড়ে যায় ছোট্ট প্রিন্সিকা। বিষয়টি নজরে আসতেই ঘাটে উপস্থিত মানুষের মধ্যে হুলস্থুল পড়ে যায় এবং চিৎকার শুরু হয়।
চিৎকার শুনেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন সেখানে কর্তব্যরত মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র। পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্তও সময় নষ্ট না করে তিনি সরাসরি নদীতে ঝাঁপ দেন। নিজের জীবনের পরোয়া না করে জলের গভীরে তল্লাশি চালিয়ে ছোট্ট প্রিন্সিকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন তিনি।
মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন প্রিন্স। পুলিশ অফিসারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সহকর্মীর এই অসামান্য সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠায় গর্বিত রাজ্য পুলিশও। তবে প্রশংসাই যে যথেষ্ট নয়, এই সম্মান বীরের, তাও প্রকাশ করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের প্রোফাইল থেকে করা সেই পোস্ট ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ।