Union Cabinet Reshuffle: বাংলার সাংসদ এবার কেন্দ্রের মন্ত্রী? শাহ-শুভেন্দুর বৈঠক ঘিরে জোর জল্পনা | Union Cabinet Reshuffle on Topic, Will West Bengal Get Union Minister? Amit Shah Suvendu Adhikari’s Meeting Sparks Rumours
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।Image Credit: X
নয়া দিল্লি: বাংলা পাবে আরও কেন্দ্রীয় মন্ত্রী? কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জোর সম্ভাবনা। একের পর এক মুখ্যমন্ত্রীর বৈঠক করছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত কয়েকদিনে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা, যোগী আদিত্যনাথ-সহ একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৯ সালের দিকে তাকিয়ে কি বাংলা থেকে কোনও পূর্ণ মন্ত্রী বাছাই করা হবে?
গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও।
এর আগে বুধবার রাতে নিজের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সম্পাদক বিএল সন্তোষের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবারই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারসের বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রকভিত্তিক কাজের পারফর্মেন্সের রিপোর্ট কার্ড নিয়েছেন প্রধানমন্ত্রী।
এই বৈঠকের পরদিনই অসম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল কি সময়ের অপেক্ষা? রাজ্য থেকে মন্ত্রী হবেন কে বা কারা, সেই বিষয়েই কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী? এই প্রশ্ন উঠছে।
যেহেতু এইবার প্রথম বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। স্বাভাবিকভাবেই রাজ্যের গুরুত্ব বেড়েছে। বর্তমানে দুইজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আসন্ন ২০২৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তাতেই জল্পনা শুরু হয়েছে যে এবার কি পূর্ণাঙ্গ মন্ত্রী বাছাই করা হবে বাংলা থেকে?
সংসদের স্পেশাল সেশন বা বিশেষ অধিবেশনের স্ট্র্যাটেজি নিয়েও আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। প্রসঙ্গত, রাজ্যের বিজেপি এবং এনসিপিআই সাংসদদের আগামী ২০ থেকে ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গে অথবা দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মারফতই এই নির্দেশ পৌঁছেছে। এই সময়ের মধ্যে সব সাংসদদের রাজ্য বা দিল্লির বাইরে না যেতে নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
এদিকে, আগামী ২৭-২৮ নভেম্বর হরিয়ানার সুরযকুন্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের ন্যাশনাল ওয়ার্কশপ হতে চলেছে। নীতিন নবীনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংগঠনের নেতৃত্বকে কাজ এবং আগামী লক্ষ্য সম্পর্কে অবহিত করতে কর্মসূচি। সেখানেও বিজেপির স্ট্রাটেজি নিয়ে আলোচনা হতে পারে।