Trump Xi Putin Peace Declaration: শেনজেনে ‘শান্তির ঘোষণাপত্রে’ চার বড় প্রতিশ্রুতি ট্রাম্প, শি ও পুতিনের | Donald Trump, Xi Jinping and Vladimir Putin make four major pledges in Shenzhen’s landmark ‘Declaration Toward Peace’ - 24 Ghanta Bangla News
Home

Trump Xi Putin Peace Declaration: শেনজেনে ‘শান্তির ঘোষণাপত্রে’ চার বড় প্রতিশ্রুতি ট্রাম্প, শি ও পুতিনের | Donald Trump, Xi Jinping and Vladimir Putin make four major pledges in Shenzhen’s landmark ‘Declaration Toward Peace’

Spread the love

Trump Xi Putin Peace Declaration: শেনজেনে ‘শান্তির ঘোষণাপত্রে’ চার বড় প্রতিশ্রুতি ট্রাম্প, শি ও পুতিনের

ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পImage Credit: PTI

শেনজেন: বিশ্বের তিন শক্তিশালী দেশের রাষ্ট্রনেতাদের বৈঠক। কী উঠে আসবে আলোচনায়? বিশ্বজুড়ে এই আলোচনাই চলছিল গত কয়েকদিন ধরে। আর বৃহস্পতিবার চিনের শেনজেনে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন সিদ্ধান্ত নিলেন, পরমাণু অস্ত্রের ঝুঁকি কমাতে এবং পরমাণু অস্ত্রের বিস্তার রুখতে আলোচনায় বসবে আমেরিকা, চিন ও রাশিয়া। বৈঠকের পর একটি যৌথ ঘোষণাপত্রও গ্রহণ করেন তাঁরা। যার নাম ‘দ্য রাশিয়া-চায়না-ইউএস হেডস অব স্টেট ডিক্লারেশন টুওয়ার্ড পিস’।

এই ঘোষণাপত্রে রাষ্ট্রসংঘের সংস্কার এবং পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর কথাও বলা হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছেন তিন রাষ্ট্রনেতা।

পরমাণু অস্ত্রের ঝুঁকি কমাতে আলোচনা-

ঘোষণাপত্রে ফের জানানো হয়েছে, পরমাণু যুদ্ধে কোনও পক্ষেরই জয় সম্ভব নয়। তাই এমন যুদ্ধ কখনও হওয়া উচিত নয়। পরমাণু অস্ত্রের ঝুঁকি কমানো এবং তার বিস্তার রুখতে তিন দেশ আলোচনায় বসবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য পরমাণু অস্ত্রের ভাণ্ডার কমানোর বিষয়েও আলোচনার সম্ভাবনার কথা তুলেছেন।

ট্রাম্প বলেন, “আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি। পৃথিবীতে পরমাণু অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায় এবং সেই অস্ত্র ব্যবহারের ঝুঁকি কীভাবে হ্রাস করা যায়, তা নিয়ে আলোচনার জন্য আমেরিকা, রাশিয়া ও চিনের মতো উপযুক্ত অবস্থানে আর কোনও দেশ নেই।”

রাষ্ট্রসংঘের সংস্কার ও জ্বালানি সরবরাহে জোর-

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তিন দেশই রাষ্ট্রসংঘের সংস্কারের পক্ষে সওয়াল করেছে। আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যাতে আরও কার্যকর ভূমিকা নিতে পারে রাষ্ট্রসংঘ, সেই লক্ষ্যেই সংস্কারের কথা বলা হয়েছে। পাশাপাশি পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিন রাষ্ট্রনেতা। স্থিতিশীল জ্বালানি সরবরাহের গুরুত্বের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

আইনি বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তিন দেশ। ঘোষণাপত্রে বলা হয়েছে, রাষ্ট্রের সম্মতি এবং সরকারি আধিকারিকদের আইনি দায়মুক্তির বিষয়টি সম্মান করতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এবং এই ধরনের অন্যান্য সংস্থাকে নিজেদের বিচার ক্ষমতার অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সবমিলিয়ে চারটি ইস্যুতে এই তিন রাষ্ট্রনেতার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

APEC সম্মেলনের ফাঁকে বৈঠক-

এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের ফাঁকে তিন রাষ্ট্রনেতার এই বৈঠক হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে আলোচনা। বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, “বিশ্বে যে সমস্ত সমস্যা নিয়ে আলোচনা চলছে, সবকিছু নিয়েই কথা বলবেন তাঁরা।” তাঁর কথায়, তিন দেশের উপর বিশেষ দায়িত্ব রয়েছে।

অন্যদিকে, এই বৈঠককে ‘যুগান্তকারী গুরুত্ব’-র বলে উল্লেখ করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বশান্তি রক্ষায় বৃহৎ শক্তিধর দেশগুলির মধ্যে সহযোগিতার আহ্বান জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য, তিন দেশের পারস্পরিক সহযোগিতা বিশ্বে স্থিতিশীলতা আরও মজবুত করতে পারে। বৈঠকের আয়োজন করার জন্য চিনকে ধন্যবাদ জানান ট্রাম্প ও পুতিন। এর আগে এ বছর তৃতীয়বারের মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও শি জিনপিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *