Rohingya: রোহিঙ্গাদের গণহত্যা করেছে মায়ানমার, প্রথম কোনও রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করল ICJ | Rohingya Crisis: International Court of Justice Verdicts Myanmar guilty of Genocide against Rohingyas
আশ্রয়ের আশায় রোহিঙ্গারা।Image Credit: PTI
জেনেভা: রোহিঙ্গাদের গণহত্যা করা হয়েছে। হত্যালীলা চালিয়েছে মায়ানমার! এই রায় দিল রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক বিচার আদালত। দীর্ঘ সাত বছরের বিচারপ্রক্রিয়ার পর এই রায় দেয় আইসিজে (ICJ)। এই প্রথম কোনও রাষ্ট্রকে গণহত্যায় দোষী সাব্যস্ত করা হল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক আদালতের সভাপতি তথা বিচারক ইউজি আইওয়াসাওয়া জানান, ৯-৬ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে মায়ানমার।
২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের উপরে অত্যাচার চলছে। মায়ানমার সেনা প্রায় ১০ হাজার নিরাপরাধ রোহিঙ্গাকে হত্যা করেছে। মহিলাদের উপরে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুরাও ছাড় পায়নি, তাদের উপরও অত্যাচার করা হয়েছে। এমনকী, রোহিঙ্গারা বাংলাদেশে পালানোর চেষ্টা করলে, তাদের উপরেও অত্যাচার করেছে মায়ানমার সেনা। ২০২১ সালে মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর জুন্টা বাহিনীর শাসনকালেও রোহিঙ্গাদের উপরে অত্যাচার থামেনি।
২০১৯ সালে গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ঘে অভিযোগ দায়ের করে আন্তর্জাতিক বিচার আদালতে। সেই অভিযোগকে সমর্থন করে ৫৭টি ইসলামিক রাষ্ট্রও। রায় ঘোষণার পর গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো বলেন, “এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত থাকবে”। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনিও গাতেরাসও বলেন, “আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত এই রায়”।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালতে এর আগে কোনও রাষ্ট্রকে জেনোসাইড বা গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়নি।
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মায়ানমার দোষী সাব্যস্ত হওয়ায়, সে দেশের সামরিক বাহিনীর ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা।