Religious Conversion: বাংলাতেও তলে তলে চলছে খ্রিস্টান ধর্মান্তকরণ? খবর পেয়েই রাজ্যের মন্ত্রীদের বড় নির্দেশ নিতিন নবীনের | BJP National President Nitin Nabin Instructs Bengal Minister over Alleged Christian Conversion
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।Image Credit: PTI
কলকাতা: দেশের বিস্তীর্ণ এলাকায় আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মধ্যে খ্রিস্টধর্মে ধর্মান্তকরণের প্রবণতা বাড়ছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। রাজ্যে ধর্মান্তকরণ রুখতে বিশেষ নজরদারির নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি-শাসিত রাজ্যগুলির আদিবাসী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেখানে পশ্চিমবঙ্গের তরফে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী। রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে দুই মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও বিশাল লামাকে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।
কী কথা হল বৈঠকে?
বিজেপি সূত্রে খবর, আদিবাসী অধ্যুষিত এলাকায় রাজ্য বিজেপিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। অনগ্রসর এলাকায় আদিবাসী উন্নয়নে আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি ধর্মান্তকরণ নিয়ে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি গত ১৫ নভেম্বর কলকাতায় বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খ্রিস্টান মিশনারি স্কুল এবং তাদের পরিচালন কর্তাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি বলেন যে কলকাতার একটি নামকরা মিশনারি স্কুলে এক শিক্ষিকাকে গেরুয়া শাড়ি পরে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে আসানসোল ও বর্ধমান অঞ্চলে কলকাতার এক নামী খ্রিস্টান মিশনারি কলেজের অধ্যক্ষ জোরপূর্বক ধর্মান্তরণ করছেন। এরপরই শোরগোল পড়ে যায়। যদিও খ্রিস্টান প্রতিষ্ঠান ও সংগঠনগুলি এই দাবির বিরোধিতা করেছেন।