No maida momos: ময়দা লাগবেই না! সুজি দিয়েই বানান নরম তুলতুলে মোমো | Easy Suji Momos Recipe Without Maida With Spicy Sesame Tomato Chutney - 24 Ghanta Bangla News
Home

No maida momos: ময়দা লাগবেই না! সুজি দিয়েই বানান নরম তুলতুলে মোমো | Easy Suji Momos Recipe Without Maida With Spicy Sesame Tomato Chutney

Spread the love

No maida momos: ময়দা লাগবেই না! সুজি দিয়েই বানান নরম তুলতুলে মোমো

কীভাবে বানাবেন?Image Credit: AI Tool

বিকেল পাঁচটা বাজলেই কি আপনারও মোমো খেতে ইচ্ছে করে? পাড়ার মোড়ের দোকান থেকে ভাপা মোমোর গন্ধ এলে নিজেকে আটকানো সত্যিই দায়! কিন্তু ওই একটাই ভয়, ময়দা। রোজ রোজ ময়দা খেলে পেটের বারোটা বাজবে না? এই সমস্যার দারুণ সমাধান হল সুজি মোমো (Suji Momos)। ভাবছেন, সুজি দিয়ে আবার মোমো হয় নাকি? একবার বানিয়ে দেখুন, দোকানের মোমোর কথা ভুলেই যাবেন!

কী কী লাগবে?

মোমোর খোলের জন্য: ১ কাপ সুজি, স্বাদমতো নুন, সামান্য সাদা তেল, পরিমাণমতো জল ও ভাপানোর জন্য গলানো মাখন।

ভেতরের পুরের জন্য: লাল ও সবুজ ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, সুইট কর্ন, থেঁতো করা কাঁচালঙ্কা, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, সামান্য মাখন, রসুন কুচি ও নুন।

চাটনির জন্য: সাদা তিল, কয়েক কোয়া রসুন, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, ধনেপাতার ডাঁটা, কুচানো টমেটো, সাদা তেল ও নুন।

কীভাবে বানাবেন?

মোমো খাওয়ার সময় ভেতরের পুরটা গলে গেলে পুরো মজাটাই মাটি হয়ে যায়। তাই শুরুতেই একটা ছোট্ট কাজ করে নিন। লাল আর সবুজ ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটুন। তারপর একটু নুন মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। দেখবেন, সবজি থেকে বাড়তি জল বেরিয়ে গিয়েছে। ছাঁকনি দিয়ে সেই জলটা ভালো করে চিপে ফেলে দিন। ব্যস, আর গলে যাওয়ার ভয় নেই!

এবার ওই সবজির সঙ্গে মেশান সুইট কর্ন, থেঁতো করা কাঁচালঙ্কা, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, পরিমাণমতো নুন আর ধনেপাতা। আসল ম্যাজিকটা কিন্তু এখনও বাকি! একটা প্যানে সামান্য মাখন গলিয়ে তাতে রসুন কুচি হালকা ভেজে নিন। তারপর গরম গরম ঢেলে দিন সবজির ওপর। গন্ধটা যে কী দারুণ হবে, তা রান্নাঘরে থাকলেই বুঝবেন।

এবার ভাবছেন তো, সুজি দিয়ে বেলবেন কী করে? খুব সোজা। এক কাপ সুজি মিক্সারে দিয়ে একদম মিহি গুঁড়ো করে নিন। তাতে নুন, অল্প তেল আর একটু একটু করে জল দিয়ে নরম করে মেখে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন।

এরপর ছোট লেচি কেটে পাতলা করে বেলে গোল করে কেটে নিন। মাঝখানে পুর ভরে পছন্দের আকারে মুড়ে ফেলুন। স্টিমারের প্লেটে একটু গলানো মাখন মাখিয়ে মোমোগুলো বসান। ওপরেও হালকা মাখন বুলিয়ে দেবেন, এতে মোমো একদম নরম থাকবে। মাত্র ১০ মিনিট ভাপ দিলেই কাজ শেষ। ভাপে সেদ্ধ আর সুজির আঁশ থাকায় এই খাবার অনেক হালকা, তেলও লাগে নামমাত্র।

চাটনি না থাকলে কি মোমো জমে?

একদমই না! প্যানে তেল গরম করে সাদা তিল, কয়েক কোয়া রসুন, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা আর ধনেপাতার ডাঁটা হালকা ভেজে নিন। এরপর কুচানো টমেটো আর নুন দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। ঠান্ডা হলে মিক্সারে মিহি করে বেটে নিলেই তৈরি জিভে জল আনা ঝাল চাটনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *