Election Commission: ‘২৭-এর জানুয়ারিতে যাঁরা ১৮ বছরের হবেন, তাঁদের জন্য বড় খবর কমিশনের! | West Bengal Draft Voter List Publication Postponed: Election Commission Defers November 23 Release Date
ফাইল ফোটোImage Credit: TV9 Bharatvarsh
কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Summary Revision বা SSR) প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন। আগামী ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের যে নির্ধারিত দিন ছিল, তা শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হল। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অনিবার্য পরিস্থিতির কারণেই আপাতত এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
খসড়া তালিকা প্রকাশ পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভোটার তালিকায় নতুন নাম তোলা, নাম বা ঠিকানা সংশোধন এবং কোনও নামের বিরুদ্ধে আপত্তি জানানোর গোটা প্রক্রিয়াটিই আপাতত থমকে গেল।
নির্বাচন কমিশনের পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী:
-
২৩ নভেম্বর ২০২৬: খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল।
-
২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর: তালিকায় দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ধার্য করা হয়েছিল।
-
৮ জানুয়ারি ২০২৭: সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।
-
১৬ জানুয়ারি ২০২৭: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন স্থির ছিল।
যাঁদের বয়স আগামী ১ জানুয়ারি, ২০২৭-এর মধ্যে ১৮ বছর পূর্ণ হচ্ছে, তাঁদেরও এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলার আবেদন করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই স্থগিতাদেশের জেরে আগের সমস্ত সময়সূচিই বাতিল হয়ে গেল।
কমিশনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের কথা জানানো হলেও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। পাশাপাশি, কবে নতুন করে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সে বিষয়েও এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন বা রাজ্যের CEO দফতরের তরফে সংশোধিত সময়সূচি প্রকাশিত হলেই পরবর্তী তারিখগুলি স্পষ্ট হবে।