Durgapur Shock: ছেলেকে টিউবে বেঁধে ভ্যান নিয়ে সটান থানায় হাজির বাবা! চক্ষু চড়কগাছ পুলিশের | Helpless Father Ties Drug Addicted Son to Van, Brings Him to Police Station After Hospital Refuses Admission
ছেলেকে বেঁধে থানায় হাজির বাবাImage Credit: TV9 Bangla
দুর্গাপুর: নেশার কবলে পড়ে মানসিক ভারসাম্য হারিয়েছে যুবক ছেলে। সরকারি হাসপাতালে নিয়ে গিয়েও মেলেনি ভর্তি, আবার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্যও নেই। অগত্যা বড়সড় কোনও অঘটন এড়াতে ছেলেকে দড়ি ও সাইকেলের টিউব দিয়ে নিজের ভ্যানে বেঁধেই সোজা থানায় নিয়ে হাজির হলেন এক অসহায় ভ্যানচালক বাবা। মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পাওয়ার হাউস বস্তি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ভ্যানচালকের নাম সুনীল সাউ। তাঁর দাবি, ২২ বছরের ছেলে কানাইয়া সাউ গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকেই আচমকা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। ঠিক কী ধরনের নেশা সে করেছে, তা পরিবারের কারও জানা নেই। নেশার ঘোরে কানাইয়া এমন সব কাণ্ড ঘটাচ্ছে যে, যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
সুনীলবাবুর অভিযোগ, ছেলের এই অবস্থা দেখে চিকিৎসার জন্য তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। পেশায় সামান্য ভ্যানচালক হওয়ায় বেসরকারি নার্সিংহোম বা রিহ্যাব সেন্টারে রেখে ছেলের চিকিৎসা করানোর সামর্থ্যও তাঁর নেই।
অসহায় অবস্থায় শেষ পর্যন্ত ছেলেকে দড়ি ও টিউব দিয়ে নিজের ভ্যানের সঙ্গে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে যান সুনীল সাউ। পুলিশের কাছে তাঁর কাতর আর্জি, নেশার ঘোরে ছেলে যদি কোনও অঘটন ঘটায় বা কারও ক্ষতি করে, তবে তার দায় যেন পরিবারের ওপর না বর্তায়—সেই বিষয়টি নিশ্চিত করতেই তিনি থানায় এসেছেন। ভ্যানে বাঁধা অবস্থায় এক যুবককে থানায় আসতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে দুর্গাপুর থানার পুলিশ ওই অসহায় বাবাকে বুঝিয়ে ছেলেকে ফের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।