Congress Joining: ‘আইডেন্টিটির’ সমস্যা সমাধানে বিজেপি থেকে তৃণমূল হয়ে এবার কংগ্রেসে বিষ্ণুপ্রসাদ | Former Kurseong MLA Bishnu Prasad Sharma Joins Congress After BJP and TMC Stints, Slams Saffron Party Over ‘Jumla Politics’
কংগ্রেসে যোগদান বিষ্ণুপ্রসাদ শর্মারImage Credit: TV9 Bangla
কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের বড়সড় দলবদলের ছবি। বিজেপি থেকে তৃণমূল হয়ে এবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়ঙের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিন কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন তিনি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার হাত শিবিরে যোগ দিলেন পাহাড়ের এই নেতা।
বিষ্ণুপ্রসাদ শর্মাকে দলে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “আমাদের কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন বিধায়ক। তাঁর আগের পরিচয় আজ থেকে আর আলোচনার বিষয় নয়। তিনি কংগ্রেসের আদর্শ ও নীতিতে উদ্বুদ্ধ হয়ে রাহুল গান্ধীর আপসহীন লড়াইয়ে শামিল হলেন।”
অন্যদিকে, কংগ্রেসে যোগ দিয়েই পাহাড়ের আবেগ ও উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বিজেপিকে নিশানা করেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেন, “আজ অবধি গোর্খাদের যা কিছু দিয়েছে, তা কংগ্রেসই দিয়েছে। ডিজিএইচসি কে দিয়েছে? কংগ্রেস। জিটিএ কে দিয়েছে? কংগ্রেস। নেপালি ভাষাকে সাংবিধানিক মান্যতা কে দিয়েছে? কংগ্রেস। বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এই লড়াইটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া দল আর যারা বাস্তবে কাজ করে, তাদের মধ্যে। আমি সেই দলের সঙ্গেই আছি যারা বাস্তবে কাজ করে। আমার বিশ্বাস, গোর্খাদের পরিচয় বা আইডেন্টিটির যে সমস্যা রয়েছে, তা কংগ্রেসই সমাধান করবে।”
প্রসঙ্গত, বিষ্ণুপ্রসাদ শর্মার দলবদলের ইতিহাস বেশ দীর্ঘ। গত লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং কেন্দ্রে বিজেপি রাজু বিস্তকে প্রার্থী ঘোষণা করার পরই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। ‘ভূমিপুত্র’ ও ‘পৃথক রাজ্য’-এর আবেগকে সামনে রেখে নির্দল প্রার্থী হিসেবে লোকসভা ভোটে লড়লেও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। সেই সময় থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ‘জুমলা পলিটিক্স’ ও মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। বিধায়ক।