Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের, শুনানি সম্ভব নয়, কেন বললেন বিচারপতি? রাজ্যকেও নির্দেশ আদালতের | Tulu Mondal Gets No Immediate Relief, Calcutta High Court Seeks Details of Lookout Notice
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় ধাক্কা খেলেন বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল (Tulu Mondal)। ফের পিছিয়ে গেল টুলুর এফআইআর খারিজের দাবিতে মামলার শুনানি। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে দেশে ফিরতে হয়েছে তাঁকে। তিন সপ্তাহের রক্ষাকবচ দেওয়া হয়েছে টুলুকে। এদিকে, এফআইআর খারিজ দাবি মামলায় দ্রুত শুনানির আবেদন করেছিলেন টুলু। কিন্তু, শেষপর্যন্ত দ্রুত শুনানি সম্ভব হল না। অন্যদিকে, আরও একটি মামলায় টুলুর বিরুদ্ধে লুক আউট নোটিস নিয়ে এবার রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।
এফআইআর খারিজের দাবিতে মামলা
টুলু মন্ডলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরেছেন টুলু মণ্ডল। তাঁকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে যে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ভাবে রাজ্যের তরফ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র অনুপস্থিত। তাই আদালত কিছুটা সময় বরাদ্দ করুক।
টুলুর আইনজীবী জানিয়েছেন, যেহেতু ৭ ডিসেম্বর পর্যন্ত তার রক্ষাকবচ বহাল থাকছে, তাই যত দ্রুত সম্ভব এই মামলা শুনানি গ্রহণ করা হোক।
বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত, তাই এই মুহূর্তে মামলার শুনানি গ্রহণ করা সম্ভব নয়। আগামী ২৬ নভেম্বর মামলার শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন বিচারপতি।
টুলু মণ্ডলের দ্বিতীয় মামলা
বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যকে জানিয়েছে, টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনও লুক আউট নোটিশ থাকলে আদালতকে জানাতে হবে। আগামী শুনানির দিন লুক আউট নিয়ে রাজ্য সরকারকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
টুলু তাঁর আইনজীবী কিশোর দত্ত মারফৎ বলেন, যখন FIR হয়েছিল, তখন দেশে ছিলাম না। শীর্ষ আদালতে রক্ষাকবচ মিলেছে। লুক আউট কিছু থাকলে সেটা জানানো হোক। এই মামলারও পরবর্তী শুনানি রয়েছে ২৬ নভেম্বর।