Abhishek Banerjee: ‘অকারণে সমস্যা তৈরি করছেন’, ডিজে মামলায় রক্ষাকবচ বাড়িয়েও অভিষেককে তিরস্কার হাইকোর্টের | Calcutta High Court Rebukes Abhishek Banerjee Over Remarks Against Judiciary, Extends Protection
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করল কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
কলকাতা: আদালত শোকজ করলেও বিচারপতিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে চলেছেন। বিচারপতিদের নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মন্তব্য নিয়ে ফের উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচ বাড়ালেও ডায়মন্ড হারবারের সাংসদকে তিরস্কার করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের আইনজীবীকে বিচারপতি বলেন, “আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। আদালতের বিরুদ্ধে মন্তব্য বেদনাদায়ক।”
বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের বিরুদ্ধে ডিজে মামলার এদিন শুনানি ছিল। সেখানেই আদালতের উষ্মার মুখে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন অভিষেকের রক্ষাকবচের বিরুদ্ধে জোর সওয়াল করে রাজ্য। রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নিশানা করছেন। গতকাল যখন একজনের রক্ষাকবজ দিতে চায়নি আদালত, তারপরই টুইট করছে বিচারব্যবস্থা নিয়ে।
রাজ্যের সওয়ালের সময় অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “কেন এমন হচ্ছে? এমন মন্তব্য করলে আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হতে পারে, এটা জানেন না? আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। যাঁরা সংবাদপত্র পড়েন, তাঁরা সবাই জানেন, এই সময়কালে কী কী মন্তব্য করছেন। একজন সাংসদ এই ধরনের মন্তব্য করছেন, মানুষের কাছে কী বার্তা যাবে?” এরপরই বিচারপতি বলেন, “আদালতের বিরুদ্ধে মন্তব্য করছেন, এটা খুবই বেদনাদায়ক।”
অন্যদিকে, ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচ তুলে নেওয়ার পক্ষে সওয়াল করে রাজ্য। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “তদন্তের অগ্রগতি কী? এমন কিছু হয়েছে, যাতে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো যাবে না?” এরপরই রাজ্যকে বিচারপতি বলেন, “তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট ফাইল করুন। সেই মতো দেখতে চাই।”
তদন্তে অভিষেকের সহযোগিতার কথা উল্লেখ করে বিচারপতি বলেন, “তদন্তে সহযোগিতা করছেন না, এমন নয়। রক্ষাকবচের মেয়াদ কেন বাড়ানো হবে না, তা নিয়ে আজ আদালত কোনও কারণ দেখছে না।” এরপরই ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি।