যানবাহনে জাতপাত সংক্রান্ত প্রতীক বা স্টিকার নয়! এবার আরও কড়া গুজরাট সরকার

রাস্তাঘাটে জাতপাতের প্রদর্শন বন্ধ করতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে (Gujarat)এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ নিল গুজরাট সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত ধরনের ব্যক্তিগত যানবাহনে জাতপাত বা সম্প্রদায়গত পরিচয় বহনকারী কোনো শব্দ, নাম, প্রতীক, চিহ্ন বা স্টিকার লাগানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন গুজরাট সরকারের বন্দর ও পরিবহণ দফতর ‘গুজরাট মোটর ভেহিকেলস (থার্ড অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬’ (Gujarat Motor Vehicles (Third Amendment) Rules, 2026)-এর মাধ্যমে ১৯৮৯ সালের মোটর ভেহিকেলস বিধিতে সংশোধনী এনে এই নতুন নিয়ম কার্যকর করেছে। গত ১৭ নভেম্বর এই সংক্রান্ত চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বাইক বা স্কুটারের মত দু চাকার গাড়ি থেকে শুরু করে অটো-রিকশা, ব্যক্তিগত চার চাকার গাড়ি, বাস এবং ট্রাক সব ধরনের ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। গুজরাটের রাস্তাঘাটে দীর্ঘদিন ধরেই গাড়ির বাম্পার, উইন্ডশিল্ড কিংবা নম্বর প্লেটের আশেপাশে ‘পাটিদার’, ‘রাজপুত’ বা অন্যান্য জাতি ও সম্প্রদায়ের নাম এবং প্রতীক লিখে রাখার প্রবণতা অত্যন্ত সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল।
অনেক সময় এই ধরনের প্রদর্শন রাস্তায় ক্ষমতার আস্ফালন, ভীতি প্রদর্শন কিংবা অহেতুক বিবাদ ও আইনশৃঙ্খলা জনিত সমস্যার সৃষ্টি করত। পুরোনো আইনে নম্বর প্লেট বা বিজ্ঞাপনের বিষয়ে সাধারণ বিধিনিষেধ থাকলেও, জাতপাতভিত্তিক স্টিকার বা লেখার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছু আইনি ফাঁকফোকর ছিল। এই সংশোধনের ফলে সেই আইনি জটিলতা দূর হল এবং ট্রাফিক পুলিশ ও পরিবহণ দফতরের হাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা চলে এল।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গুজরাট (Gujarat)মোটর ভেহিকেলস রুলস, ১৯৮৯’-এর ১২৫(১) নম্বর উপ-বিধিতে সংশোধন এনে যানবাহনে বিজ্ঞাপন ও চিত্র প্রদর্শনের নিষেধাজ্ঞার পাশাপাশি স্পষ্টভাবে ‘জাতপাতভিত্তিক চিহ্ন’ (caste signage) শব্দটি যুক্ত করা হয়েছে। এছাড়াও, ১৩৮ নম্বর বিধিতে একটি নতুন উপ-বিধি (৩) সংযোজন করা হয়েছে। এই নতুন নিয়ম অনুসারে, রাজ্য সরকারের সাধারণ বা বিশেষ কোনো নির্দেশিকা ছাড়া কোনো ব্যক্তিগত গাড়িতে কোনো ধরনের বিজ্ঞাপন, জাতপাত নির্দেশক চিহ্ন, ছবি বা লেখা প্রদর্শন করা যাবে না।
তবে প্রয়োজন মনে করলে রাজ্য সরকার বিশেষ আদেশের মাধ্যমে নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়ার অধিকার নিজেদের হাতে রেখেছে।
উল্লেখ্য, এই আইন প্রণয়নের প্রক্রিয়াটি বেশ কয়েক মাস আগেই শুরু করেছিল গুজরাট সরকার। চলতি বছরের ১১ জুন রাজ্যের অসাধারণ গেজেটে (Extraordinary Gazette) এই সংশোধনীর খসড়া বিধি প্রকাশ করা হয়েছিল এবং সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে ৩০ দিনের মধ্যে কোনো আপত্তি বা পরামর্শ থাকলে তা জানানোর জন্য আহ্বান করা হয়েছিল।
নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারের কাছে কোনো আপত্তি বা বিরূপ পরামর্শ জমা না পড়ায়, অবশেষে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করে আইনটি বলবৎ করা হল। এর আগে উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্যগুলিতেও আদালতের নির্দেশে ও প্রশাসনিক উদ্যোগে গাড়িতে জাতপাতের স্টিকার লাগানোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। এবার গুজরাট সরকার সরাসরি মোটর ভেহিকেলস বিধিতে সংশোধন এনে বিষয়টিকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় নিয়ে এল।
প্রশাসনের এই পদক্ষেপকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, গণতান্ত্রিক সমাজে প্রকাশ্য রাস্তায় জাতপাতের বিভাজন তুলে ধরার চেয়ে নাগরিকদের সমান পরিচয় ও সড়ক শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে জরুরি। এই নতুন নিয়মের ফলে গুজরাটের সড়ক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে।