ফের এনকাউন্টার যোগী রাজ্যে! পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খরচা দাউদ গ্যাং-র নাসিম দুরানি - 24 Ghanta Bangla News
Home

ফের এনকাউন্টার যোগী রাজ্যে! পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খরচা দাউদ গ্যাং-র নাসিম দুরানি

Spread the love


লখনউ: দিল্লিতে আইনমন্ত্রীর দফতরের কাছে প্রকাশ্যে এক যুবককে গুলি করে খুন করে এক কুখ্যাত দুষ্কৃতী।(Naseem Durrani) এই খুনের ঘটনাতেই বড় সাফল্য পুলিশের। উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল সেই কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুরানির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে এই খবর নিশ্চিত করেছেন পুলিশ আধিকারিকরা।

দিল্লি পুলিশের সঙ্গে নয়ডা স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের যৌথ অভিযানে মৃত্যু হয়েছে ৩৭ বছর বয়সি এই অপরাধীর। অভিযোগ, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সঙ্গে যোগাযোগ ছিল দুরানির। পাশাপাশি কুখ্যাত গ্যাংস্টার ছোট শাকিলের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি পুলিশের। গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লিতে ২৬ বছর বয়সি এক যুবককে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল নাসিম। সেই ঘটনার পর থেকেই তাকে খুঁজছিল দিল্লি পুলিশ।

আরও দেখুনঃ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর দিল্লির সোনিয়া বিহারের জিরো পুস্তার কুড়া খাট্টা এলাকায় খাজুরি খাস থানার অন্তর্গত অঞ্চলে খুন হন সমীর নামে এক যুবক। তিনি মুস্তাফাবাদের বাসিন্দা ছিলেন। ঘটনার দিন রিজওয়ান নামে এক ব্যক্তির স্কুটারের পিছনে বসে যাচ্ছিলেন সমীর। সেই সময় একটি মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী তাঁদের সামনে আসে।

কিছু বুঝে ওঠার আগেই সমীরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। প্রত্যক্ষদর্শী ও পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, হামলাকারীরা প্রায় ২০ রাউন্ড গুলি চালিয়েছিল। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুরুতর জখম সমীরকে স্কুটারচালক রিজওয়ান দিল্লির সিভিল লাইন্স এলাকার ট্রমা সেন্টারে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি গ্যাং সংঘর্ষের যোগ রয়েছে বলে প্রথম থেকেই সন্দেহ করছিল পুলিশ। (Naseem Durrani)তদন্তকারীদের অনুমান, একসময় একসঙ্গে কাজ করা দুই প্রাক্তন সহযোগীর মধ্যে ব্যক্তিগত বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি নাসিম দুরানি গ্যাং এবং হারুন সাইফি গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদের বিষয়টিও তদন্তের আওতায় আসে।

ঘটনার পরই অভিযুক্তদের সন্ধানে একাধিক বিশেষ দল গঠন করে দিল্লি পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা ও প্রমাণ সংগ্রহ করেন। তদন্তের সূত্র ধরেই ধীরে ধীরে পুলিশের নজরে আসে নাসিম দুরানির নাম।

এরপর গোপন সূত্রে পুলিশ জানতে পারে, উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকান্দ্রা বাইপাস সংলগ্ন এলাকায় লুকিয়ে রয়েছে নাসিম। ওই এলাকায় তার গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজেও তাকে স্কুটার চালাতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। খবর পেয়েই দিল্লি পুলিশের বিশেষ দল এবং নয়ডা এসটিএফ যৌথভাবে অভিযান চালায়।

১৯ নভেম্বর রাত থেকে ২০ নভেম্বরের মধ্যবর্তী সময়ে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন আধিকারিকরা। কিন্তু পুলিশের দাবি, তাকে থামানোর চেষ্টা করা হলে নাসিম পালানোর উদ্দেশ্যে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ে গুরুতর আহত হয় নাসিম। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের নথি অনুযায়ী, নাসিম দুরানির বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতি-সহ ২৫টিরও বেশি অপরাধমূলক মামলা দায়ের ছিল। শুধু অপরাধমূলক কাজকর্মেই নয়, সোশ্যাল মিডিয়াতেও নিজের গ্যাংস্টার পরিচিতি তুলে ধরতে সক্রিয় ছিল সে। বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং অস্ত্র হাতে থাকা ব্যক্তিদের সঙ্গে ভিডিও ও ছবি প্রকাশ করত বলে তদন্তকারীদের দাবি। এর মাধ্যমে এলাকায় নিজের প্রভাব ও অপরাধজগতের পরিচিতি প্রতিষ্ঠা করার চেষ্টা করত সে।

তবে নাসিমের (Naseem Durrani)অপরাধজগতের যোগাযোগের ইতিহাস আরও বিস্তৃত বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রের খবর, আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সদস্য ছোট শাকিলের সঙ্গে তার যোগাযোগ ছিল। এমনকী ২০১৬-১৭ সালে ছোট শাকিলের নির্দেশে গ্যাংস্টার ছোট রাজনকে খুনের সুপারি পেয়েছিল নাসিম, এমন অভিযোগও রয়েছে।

সেই সময় ছোট রাজন তিহাড় জেলে বন্দি ছিলেন। যদিও এই অভিযোগের বিস্তারিত তদন্তসংক্রান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এর পাশাপাশি গত ২৬ মে খাজুরি খাস এলাকায় রাজা মেওয়াতি ওরফে আক্কি ডন হত্যাকাণ্ডেও নাসিমের নাম জড়িয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে দিল্লি ও উত্তরপ্রদেশের অপরাধজগতের একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তার নাম উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *