আসিয়ান গোষ্ঠীভুক্ত ১১ দেশের জন্য বিনামূল্যে ই ভিসা অনুমোদন মোদী সরকারের - 24 Ghanta Bangla News
Home

আসিয়ান গোষ্ঠীভুক্ত ১১ দেশের জন্য বিনামূল্যে ই ভিসা অনুমোদন মোদী সরকারের

Spread the love


নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে পর্যটন ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার (Free e-Visa)করতে এক বড়সড় পদক্ষেপ নিল ভারত। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইনসহ আসিয়ান (ASEAN) গোষ্ঠীভুক্ত ১১টি দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ট্যুরিস্ট ভিসা (e-Tourist Visa) প্রদানের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী জানান, ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ বা পুবের দিকে তাকানো নীতির মূল ভিত্তিই হল এশিয়ান দেশগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক। ভারতের উন্নয়ন এবং আসিয়ান অঞ্চলের সমৃদ্ধি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আরও দেখুনঃ ফের এনকাউন্টার যোগী রাজ্যে! পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খরচা দাউদ গ্যাং-র নাসিম দুরানি

এই সম্পর্ককে সাধারণ মানুষের স্তরে আরও গভীর করতে এবং পর্যটন শিল্পকে চাঙা করতেই একতরফাভাবে এই বিনামূল্যের ই-ভিসা সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে আসিয়ানের ১১টি সদস্য দেশ অর্থাৎ ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নতুন সদস্য পূর্ব তিমুরের (Timor-Leste) নাগরিকরা এর সরাসরি সুফল পাবেন।

উল্লেখ্য, ইতিপূর্বে আসিয়ানের পাঁচটি দেশ ইন্দোনেশিয়া, মায়ানমার , মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের নাগরিকরা নির্দিষ্ট শর্তে বা স্বল্পমেয়াদে বিনামূল্যে ৩০ দিনের ই-ট্যুরিস্ট ভিসার সুবিধা পেতেন। তবে বাকি ছয়টি দেশের নাগরিকদের ভিসার জন্য নির্দিষ্ট ফি দিতে হতো। নতুন এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো গোটা আসিয়ান অঞ্চলের জন্য ভিসা নীতিতে সমতা আনা এবং ভ্রমণ খরচ কমিয়ে আনা।

তবে ভারতের বিদেশ মন্ত্রক ও অভিবাসন সূত্রে স্পষ্ট করা হয়েছে যে, এটি সম্পূর্ণ ‘ভিসা-মুক্ত’ (Visa-free) প্রবেশাধিকার নয়। (Free e-Visa)পর্যটকদের ভারতে আসার আগে অবশ্যই ভারতের সরকারি ই-ভিসা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং ভিসা অনুমোদন নিতে হবে। শুধুমাত্র ভিসার জন্য যে সরকারি ফি বা মাশুল দিতে হতো, সেটিই মকুব করা হবে।পর্যটন বিশেষজ্ঞদের মতে, ভারতের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভারতে পর্যটক আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

২০২৫ সালে আসিয়ান দেশগুলো থেকে আট লক্ষেরও বেশি পর্যটক ভারতে এসেছিলেন। ভারতের বৌদ্ধ সার্কিট (Buddhist Circuit) এবং রামায়ণ সার্কিটের ঐতিহাসিক স্থানগুলোর প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটকদের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। ভিসা ফি মকুব হলে সেই আগ্রহ আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। এর পাশাপাশি, সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশগুলো ভারতীয় পর্যটকদের জন্য ভিসা-মুক্ত বা সহজ ভিসা নীতি গ্রহণ করেছে।

ভারতের এই পাল্টা সৌজন্যমূলক পদক্ষেপ দুই অঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক আদান-প্রদানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।ম্যানিলার এই সম্মেলনে ভিসা ছাড়ের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি আসিয়ান দেশগুলোর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা, সাইবার ফরেনসিক প্রশিক্ষণ, বিরল খনিজ সম্পদ আহরণ এবং অসামরিক পারমাণবিক শক্তি ক্ষেত্রে প্রযুক্তি বিনিময়ের মত মোট নয়টি নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছেন।

যদিও বিনামূল্যের এই ই-ট্যুরিস্ট ভিসা ঠিক কবে থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ কতদিন থাকবে, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই দুই অঞ্চলের পর্যটন মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *