আফতাবের জেলে গভীর রাতে পাহারা দেন জনা পাঁচেক রক্ষী!
জেলকর্মীদের অভিযোগ, খাতায়-কলমে সাতটি শিফট থাকলেও লোকাভাবে সেই নিয়ম ঠিকঠাক মেনে চলা যায় না। ছুটি, অসুস্থতা, কোর্ট ডিউটি, ফাইল ওয়ার্ক, ডেটা এন্ট্রি, হাসপাতাল ডিউটি ধরলে কর্মীর সংখ্যা আরও কমে যায়। প্রথম দু’টি শিফট টেনেটুনে চালানো গেলেও রাত ১১টার পরে ছবিটা করুণ হতে থাকে। জেলের এক অফিসার বলেন, ‘রাত ১১টা থেকে ভোর ছ’টা পর্যন্ত শিফটগুলিতে জনা পাঁচেক রক্ষী থাকেন। জেলের ভিতরে মোট ৪৪টি ওয়ার্ড, টাওয়ারের সংখ্যা আট। এত কম কর্মী দিয়ে এত বন্দি, গেট, টাওয়ার পাহারা দেওয়া, জেলে কিছু ঢুকলে সে সব সার্চ করা ইত্যাদি কার্যত অসম্ভব হয়ে পড়ছে। অথচ ওই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শেষ রাতে বন্দিদের পালানো বা অপরাধ ঘটানোর প্রবণতা বাড়ে।’ অন্য এক অফিসারের কথায়, ‘নানা অজুহাতে অনেকে নাইট ডিউটি করেন না। তাঁদের যাতে এই ডিউটিতে ছাড় মেলে, সে ভাবে সেটিং–ও করা থাকে!’