সব্যসাচী ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা, লেকটাউন-বালিগঞ্জ-সল্টলেকে তল্লাশি - 24 Ghanta Bangla News
Home

সব্যসাচী ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা, লেকটাউন-বালিগঞ্জ-সল্টলেকে তল্লাশি

Spread the love


কলকাতা: তৃণমূল কংগ্রেসের নেতা ও প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের গতি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে কলকাতার একাধিক এলাকায় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী ও প্রোমোটারদের বাড়িতে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। লেকটাউন, বালিগঞ্জ ও সল্টলেক মিলিয়ে মোট চারটি জায়গায় চলছে এই অভিযান।

তদন্তকারীদের নজরে রয়েছে ওই ব্যবসায়ীদের সঙ্গে সব্যসাচীর আর্থিক লেনদেন। দুর্নীতির মাধ্যমে পাওয়া টাকা তাঁদের ব্যবসায় বা অন্য কোনও ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজি ও খুনের অভিযোগে চলতি বছরের জুন মাসে নিউটাউন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। সেই তদন্তের সূত্র ধরেই তাঁর ঘনিষ্ঠদের আর্থিক লেনদেন নিয়ে সন্দেহ তৈরি হয়। তদন্তে উঠে আসে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধারের তথ্য। অভিযোগ, ওই অর্থ রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী এবং প্রোমোটারদের মাধ্যমে বিনিয়োগ করা হয়েছিল।

এই সূত্রেই রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ইসিআইআর (ECIR) নথিভুক্ত করে তদন্ত শুরু করে ইডি। শুক্রবারের অভিযানে লেকটাউনে এক শেয়ার বাজারের বিনিয়োগকারীর বাড়িতে পৌঁছন আধিকারিকরা। পাশাপাশি বালিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। সল্টলেকের আরও দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চলছে বলে খবর।

এই মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সব্যসাচী। তবে তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত বন্ধ হয়নি। সেই তদন্তের অংশ হিসেবেই ব্যবসায়ী ও প্রোমোটারদের আর্থিক লেনদেনের খুঁটিনাটি যাচাই করছেন ইডি আধিকারিকরা।

শুক্রবারের তল্লাশিতে এখনও পর্যন্ত কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অভিযানের পর তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর।

১০৪ থেকে ৪৫০ শয্যা! নতুন রূপে সাজবে কলকাতার শতবর্ষের হাসপাতাল

কলকাতার খ্রিস্টান মিশনারি স্কুলে শিক্ষিকার গেরুয়া শাড়িতে আপত্তি! কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *