মার্কিন মুলুকে ফের মার্কস সাহেবের ভূত?
রুবিও সাহেবের আপসোসের কারণ হলো, সেই চেতনা আজও বহমান, এবং ভিন্ন মতবাদ, সমান্তরাল প্রতিষ্ঠান এবং নানাবিধ বৌদ্ধিক কার্যকলাপের মধ্যে তা সিঁধ কেটেই চলেছে। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রপুঞ্জ, বেসরকারি সংস্থা এবং বিশ্বায়নের আবছায়াতেও নাকি মার্কসবাদের আত্মা নড়াচড়া করছে। রুবিও-র মতে, এই সব প্রতিষ্ঠান জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করে, জাতির স্বাতন্ত্র্য মুছে দিতে চায়— সোজা কথায় দেশদ্রোহী গোত্রের! আসলে রাষ্ট্রবাদী ভাবনাকে গুলিয়ে দেয় মার্কসবাদ। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া অনেক সহজ, কারণ সেখানে যথেষ্ট আধিপত্যবাদী রাষ্ট্রবাদ লীন তাপের মতো জমে ছিল। মার্কসবাদের পিঠে জলে ভেজা সেই তুলোর বোঝা নেই, ফলে সে আজও ঝামেলা পাকাচ্ছে। এবার প্রথম প্রশ্ন হলো, মার্কিন দেশের প্রশাসনে হঠাৎ মার্কসবাদের আরশোলা ফড়ফড় করছে কেন? নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-এর রিপাবলিকান পার্টির শোচনীয় ফলাফল কি এর কারণ? দুই, বার্নি স্যান্ডার্স-এর নেতৃত্বে ডেমোক্র্যাটদের মধ্যে বামপন্থী অর্থনৈতিক ভাবনার যে প্রসার ঘটেছে, তা সত্যিই মার্কিন রাজনীতির চরিত্র বদলে দিতে সক্ষম?