মাতৃহারা মুখ্যমন্ত্রী! ৯১ বছর বয়সে প্রয়াত যোগী মাতা সাবিত্রীদেবী

লখনউ: মাতৃহারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। (Savitri Devi)শুক্রবার সকালে উত্তরাখণ্ডের পৌরি গারোয়াল জেলার যমকেশ্বর ব্লকের অন্তর্গত পৈতৃক গ্রাম পঞ্চুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা সাবিত্রী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর ভাই মহেন্দ্র সংবাদমাধ্যমকে তাঁর মায়ের প্রয়াণের খবরটি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ বাড়িতেই তিনি পরলোকগমন করেন।
এই খবর ছড়িয়ে পড়তেই যোগী আদিত্যনাথের পরিবার, তাঁর জন্মভিটে পঞ্চুর গ্রাম এবং রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সাবিত্রী দেবী বিগত কয়েক মাস ধরেই বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি তাঁর শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এর আগে তাঁকে ঋষিকেশ এইমসে (AIIMS Rishikesh) ভর্তি করিয়ে চিকিৎসাও করানো হয়েছিল।
আরও দেখুনঃ বালেন শাহের প্রথম ভারত! মোদীর সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা?
সেই সময় শত ব্যস্ততার মাঝেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি পঞ্চুর গ্রামের বাড়িতে ফিরে এলেও শারীরিক দুর্বলতা পুরোপুরি কাটেনি। অবশেষে শুক্রবার সকালে পরিবার-পরিজনের উপস্থিতিতেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের প্রয়াণের সময় যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে তাঁর পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।
জানা গিয়েছে, গোরক্ষপুরে ৫০ হাজার পড়ুয়ার মধ্যে ট্যাবলেট বিতরণের একটি বড় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের মাঝেই মায়ের মৃত্যুসংবাদ তাঁর কাছে পৌঁছায়। তবে ব্যক্তিগত এই অপূরণীয় শোকের মুহূর্তেও তিনি নিজের প্রশাসনিক কর্তব্যে অবিচল থাকেন এবং অনুষ্ঠানটি সম্পন্ন করার পরই উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করেন। স্থানীয় প্রশাসন ও পৌরি গারোয়ালের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) সর্বেশ পানওয়ার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। শনিবার হরিদ্বারে গঙ্গাতীরে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সাবিত্রী দেবী অত্যন্ত সাধারণ ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। (Savitri Devi)ছেলের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া সত্ত্বেও তিনি কখনোই ক্ষমতার অলিন্দে আসেননি, বরং পাহাড়ের কোলে নিজের পৈতৃক গ্রাম পঞ্চুরেই সাধারণ মানুষের মতো থাকতে ভালোবাসতেন। ২০২০ সালে যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্তের প্রয়াণের পর থেকেই সাবিত্রী দেবী পরিবারের বড়দের ছায়া হয়ে ছিলেন। সংসার সামলানোর পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষায় বড় করে তোলার পেছনে তাঁর অবদান ছিল অপরিসীম। যোগী আদিত্যনাথ নিজেও বহুবার প্রকাশ্যে তাঁর মায়ের সরল জীবনযাপন এবং ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।