বিশ্বকাপ খেলার আরও এক ধাপ কাছে, AFC এশিয়ান কাপের মূল পর্বে ভারত
মালয়েশিয়ার আক্রমণের বিরুদ্ধে দারুণ লড়াই ভারতের ডিফেন্সের
টানা তিন ম্যাচে জয়ের পরে মালয়েশিয়ার বিরুদ্ধে কিছুটা ছন্দহীন দেখিয়েছে ভারতকে। আক্রমণে তেমন ধার তৈরি করতে পারেনি ব্লু কোল্টসরা। উল্টে ম্যাচের বেশির ভাগ সময়ই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মালয়েশিয়া। বারবার ভারতীয় বক্সে ঢুকে গোলের সুযোগ তৈরি করেছে তারা। তবে ভারতীয় রক্ষণভাগ দৃঢ় থাকায় শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি মালয়েশিয়া। ০-০ ফলে শেষ হয় ম্যাচ। তবে ভারতের লক্ষ্যপূরণের জন্য তা ছিল যথেষ্ট। চার ম্যাচ খেলে তিনটি জয় ও একটি ড্র নিয়ে অপরাজিত থেকেই গ্রুপশীর্ষে শেষ করল ভারত।
গোলের বন্যা ছোটদের, নজির গাংতের
মালয়েশিয়ার বিরুদ্ধে গোল না পেলেও মেহরাজউদ্দিন ওয়াড়ুর কোচিংয়ে বাছাই পর্বে দারুণ পারফর্ম করেছে ভারত। চার ম্যাচে মোট ২০ গোল করেছে তারা। AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে এটিই ভারতের সবচেয়ে বেশি গোলের নজির। এর মধ্যে ক্যাপ্টেন দাল্লালমুয়োন গাংতে একাই করেছেন সাতটি গোল।