‘কংগ্রেস ক্ষমতায় থাকলে…’, ট্রাম্প-শি-পুতিনের ছবি দিয়ে মোদীকে খোঁচা রাহুলের, পাল্টা বিজেপি
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে ভারতের অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। X-এ তিন রাষ্ট্রনেতার একসঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে রাহুল লেখেন, ‘কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রীও ওই টেবিলে বসতেন।’ মোদীকে নিশানা করে তিনি লেখেন, ‘একজন আপস করা প্রধানমন্ত্রী (Compromised PM) কখনও এই টেবিলে বসতে পারেন না।’ রাহুলের এই মন্তব্যের পাল্টা এ বার সরব বিজেপি। কংগ্রেস নেতাকে আক্রমণ করে গেরুয়া শিবিরের কটাক্ষ, ‘মনে হচ্ছে, ভারতকে বদনাম করার জন্য টাকা পান রাহুল গান্ধী!’
কী বলেছিলেন রাহুল?
শুক্রবার X-এ ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের বৈঠকের ছবি পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, মোদী সরকারের আমলে তা দেখা যাচ্ছে না। তিন রাষ্ট্রনেতার বৈঠকে ভারতের অনুপস্থিতিকে প্রধানমন্ত্রীর কূটনৈতিক ব্যর্থতা হিসেবেই তুলে ধরেন তিনি।
ইন্দিরা-মনমোহনের আমল টেনে পাল্টা বিজেপি
রাহুলের মন্তব্যের জবাবে বিজেপি মুখপাত্র তুহিন সিনহা কংগ্রেসের পূর্ববর্তী সরকারের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ‘দেশের স্বার্থের সঙ্গে আপস করার ইতিহাস রয়েছে কংগ্রেসেরই।’
১৯৭২ সালের শিমলা চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধী পাকিস্তানের যুদ্ধবন্দিদের মুক্তি দিয়েছিলেন। অথচ পরবর্তী সময়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত জুগিয়েছে।’ মনমোহন সিংয়ের আমলে পাকিস্তানের সঙ্গে শার্ম-আল-শেখ যৌথ বিবৃতির প্রসঙ্গও টেনে আনেন তিনি।
তুহিনের আরও অভিযোগ, ২০০৮ সালে চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেসের সমঝোতা স্মারক স্বাক্ষরের পরে চিনের অনুপ্রবেশ বেড়েছিল। রাজীব গান্ধী ফাউন্ডেশনে চিনের কাছ থেকে অনুদান পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর কটাক্ষ, ‘মনে হচ্ছে, ভারতকে বদনাম করার জন্য টাকা পান রাহুল গান্ধী।’
মোদীর বিদেশনীতি নিয়ে বিজেপির পাল্টা দাবি
বিজেপি মুখপাত্র আরপি সিংয়ের দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান এখন অনেক বেশি শক্তিশালী। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদীর সুসম্পর্ক রয়েছে। বিজেপির আর এক মুখপাত্র সিআর কেশবন রাহুলের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা।
উল্লেখ্য, সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় ভারতকে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ‘সাইড প্লেয়ার’ বলে উল্লেখ করেছিলেন রাহুল। পাকিস্তান যখন আমেরিকা ও ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে, তখন ভারত কেন দর্শকের ভূমিকায়, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। সেই মন্তব্যের জেরেই বিজেপি তাঁকে ‘পাকিস্তানের সমর্থক’ বলে কটাক্ষ করে। এ বার ট্রাম্প-শি-পুতিন বৈঠকে ভারতের অনুপস্থিতি নিয়ে রাহুলের পোস্ট ঘিরে নতুন করে সংঘাত শুরু হল কংগ্রেস ও বিজেপির মধ্যে। এ বার ট্রাম্প-শি-পুতিন বৈঠকে ভারতের অনুপস্থিতি নিয়ে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে সংঘাত শুরু হলো কংগ্রেস ও বিজেপির মধ্যে।