‘আকভান’-এর প্রভাবে রাতভর বৃষ্টি, উত্তাল সমুদ্র, উপকূলে সতর্কতা প্রশাসনের, বাতিল ট্রেনও
শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে শুরু হয়েছে ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল। তার জেরেই বৃষ্টি হচ্ছে বঙ্গের একাধিক জেলায়। বিশেষত পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপটও। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক জেলা প্রশাসন। উপকূল সংলগ্ন এলাকায় চলছে মাইকিং।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাত থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হতেই বেড়েছে বৃষ্টির দাপট। সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত হলদিয়ায় ৫৫.৪ মিলিমিটার, কাঁথিতে ৮৩ মিলিমিটার এবং দিঘায় ৫৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। প্রশাসনের তরফে এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা যাতে সমুদ্রের কাছে না যান, তা খেয়াল রাখা হচ্ছে। এর পাশাপাশি, সমুদ্রে নামতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। ল্যান্ডফলের প্রক্রিয়া যত এগোবে ততই উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পাবে। উপকূলবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। এর পাশাপাশি, বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।

এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ নভেম্বর ১৮৪০১ বাংরিপোসি-পুরী এক্সপ্রেস, ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ৬৮৪৪১ জলেশ্বর-পুরী মেমু, ৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ ও ৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর মেমু বাতিল করা হয়েছে। এ ছাড়াও, ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। ট্রেনটি নির্ধারিত সময়ের পরিবর্তে ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে।