ইউনূসের বাড়িতে আগুন, কড়া বার্তা তারেক রহমানের - 24 Ghanta Bangla News
Home

ইউনূসের বাড়িতে আগুন, কড়া বার্তা তারেক রহমানের

Spread the love


ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়েছে। আওয়ামী লিগের ডাকা দেশজুড়ে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের খবর সামনে আসছে।…

ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়েছে। আওয়ামী লিগের ডাকা দেশজুড়ে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের খবর সামনে আসছে। গত দু’দিনে দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬৪টি প্রশাসনিক জেলার মধ্যে অন্তত ২৮টিতে হাতে তৈরি বোমা ফাটানো হয়েছে। বহু যানবাহনেও আগুন লাগানোর খবর মিলেছে।

পরিস্থিতির আঁচ পৌঁছেছে বিভিন্ন রাজনৈতিক ও সরকারি প্রতিষ্ঠানের কাছেও। সিলেট, রাজশাহী, বরিশাল এবং ফরিদপুরে মহম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্কের কয়েকটি শাখায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে।

ঢাকায় আওয়ামী লিগের দুই নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাগুলির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হিংসার ঘটনায় হতাহতের খবরও সামনে এসেছে। নড়াইল জেলায় আওয়ামী লিগের কর্মীদের বিরুদ্ধে বিএনপির একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় স্থানীয় শাসকদলের দুই নেতা নিহত হয়েছেন বলে খবর। ফরিদপুর ও পিরোজপুরে এক বিএনপি নেতা এবং এক পরিবহণ কর্মীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

কেন লকডাউনের ডাক আওয়ামী লিগের?

২০২৪ সালের ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেয়। ওই রায়ের এক বছর পূর্তিকে সামনে রেখেই দেশজুড়ে লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লিগ।

চলতি মাসের গোড়ায় শেখ হাসিনা জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডের রায় সত্ত্বেও ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরতে চান। তাঁর এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা বেড়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার প্রায় ৩০ জন সন্দেহভাজন আওয়ামী লিগ সমর্থকের গ্রেফতারের প্রতিবাদে শত শত মানুষ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হন। পরিস্থিতির চাপে পুলিশকে থানা ছেড়ে সরে যেতে হয় বলে খবর।

নিরাপত্তা জোরদার, গ্রেফতার ৫৬৫

বুধবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লিগকে ‘সন্ত্রাসী সংগঠন’ এবং ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাতে সংসদে দেওয়া ভাষণে ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে ঐক্যের বার্তা দেন বিএনপি নেতা।

অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ-সহ একাধিক সংবেদনশীল জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র হাজার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকায় পুলিশের অভিযানে ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার মন্ত্রিসভার প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। লকডাউন ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর বাংলাদেশের প্রশাসনের।

খ্রিস্টানদের ছাপিয়ে যাবে ইসলাম? ২০৩৫ সালের ধর্মীয় জনসংখ্যা নিয়ে বড় পূর্বাভাস পিউয়ের

দুর্বল হয়েছে ‘আকভান’, তবু স্বস্তি নেই বাংলায়! কলকাতা-সহ কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *