আমানতকারীরা টাকা ফেরত পাবেন কবে? চিটফান্ড সংক্রান্ত মামলায় হাইকোর্টে রোষে এক সদস্যের কমিটি
দীর্ঘ ১২ বছর অতিক্রান্ত। অথচ আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ায় বিন্দুমাত্র অগ্রগতি নেই। চিটফান্ড সংক্রান্ত মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদারের ভূমিকা নিয়ে এ বার চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেব-এর ডিভিশন বেঞ্চ। আদালতের কড়া পর্যবেক্ষণ, গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার বদলে কমিটি কার্যত কাজ না করার অজুহাত খুঁজে বেড়াচ্ছে। ৫৩টি চিটফান্ড সংস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার জন্য কমিটিকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
‘মাসে ৩৪ লক্ষ টাকা খরচ, অথচ দিনে মাত্র দু’টি আবেদন এন্ট্রি!’
শুনানিতে কমিটির কর্মপদ্ধতি নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত। বিচারপতিরা প্রশ্ন তোলেন, কমিটিতে মোট ৩৪ জন কর্মী রয়েছেন, যাঁদের মধ্যে ১৬ জন ডেটা অপারেটর। গড়ে মাসিক ১ লক্ষ টাকা করে বেতন ধরলেও প্রতি মাসে প্রায় ৩৪ লক্ষ টাকা খরচ হচ্ছে—যা আমানতকারীদের তহবিল অথবা সরকারি কোষাগার থেকেই যাচ্ছে। অথচ কাজের খতিয়ান কী? আদালত ভর্ৎসনার সুরে বলে, ‘১৬ জন ডেটা অপারেটর মিলে সারা দিনে মাত্র ১টি বা ২টি আবেদনের তথ্য নথিভুক্ত করছেন! বাকি সময়টা কি তাঁরা গত ১০ বছর ধরে শুধু বিশ্রাম নিচ্ছেন? যে কর্মী দিনে একটি তথ্যও কম্পিউটারে তুলতে পারেন না, তাঁকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত।’
‘কমিটির চরম অব্যবস্থা, কোনও তথ্যই আপনাদের কাছে নেই’
শুনানি চলাকালীন কমিটির আইনজীবীর উদ্দেশে বিচারপতি তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘গত ১২ বছরে আপনারা কিছুই করেননি। এটা কমিটির চরম অব্যবস্থা (Lack of management) ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, ‘আপনাদের ওয়েবসাইট ঘেঁটে আমি দেখেছি, এখনও ৮৯টি চিটফান্ডের বিষয়ে সেখানে উল্লেখ রয়েছে। অথচ এখনও পর্যন্ত আপনাদের ১০৫টি চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে আপনারা ওয়েবসাইট আপডেট করেন না। প্রথম যখন কমিটি তৈরি হয়, সেই সময়কালে ৫৩টি চিটফান্ড সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল। অথচ কতজন আমানতকারী আবেদন করেছেন, কতগুলি সার্টিফিকেট জমা পড়েছে বা কত টাকা ফেরত দেওয়া হয়েছে—তার কোনও হিসেবই আপনাদের কাছে নেই।’
‘অসীম ক্ষমতা দেওয়া সত্ত্বেও আদালতের ঘাড়ে দায় ঠেলছেন কেন?’
কমিটির তরফে দাবি করা হয়, প্রতিটি পদক্ষেপের জন্য আদালতের সুনির্দিষ্ট নির্দেশের প্রয়োজন হচ্ছে। এই যুক্তি শুনেই কার্যত ফেটে পড়ে বেঞ্চ। আদালতের কড়া প্রশ্ন, ‘ওয়ান-ম্যান কমিটিকে অসীম ক্ষমতা (Immense power) দেওয়া হয়েছে। তারপরেও এসএমএস পরিষেবা চালু করা বা অফিস সংস্কারের মতো সামান্য কাজের জন্যও আদালতের নির্দেশ লাগবে? তাহলে ৩৫ জন কর্মী আর এই কমিটির প্রয়োজনীয়তা কী? আপনারা নিজেরা কোনও কাজ না করে কেবল প্রতিবন্ধকতার দোহাই দিচ্ছেন।’
এমনকী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বাজেয়াপ্ত করা সম্পত্তি কমিটির হাতে তুলে দিতে চাইলেও কমিটি তা গ্রহণ করতে গড়িমসি করছে বলে এ দিন অভিযোগ ওঠে। বিচারপতির সাফ কথা, ‘২০১৬ সালের রায়ে গোটা প্রক্রিয়া স্পষ্ট বলা আছে। আপনারা বিশেষ আদালত থেকে সম্পত্তি হস্তান্তরের আবেদনটুকুও করেননি। এটা আপনাদেরই ব্যর্থতা।’
আদালতের চূড়ান্ত নির্দেশ
শুনানি শেষে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ৫৩টি চিটফান্ড সংস্থার বিষয়ে কমিটির কাছে যা যা তথ্য রয়েছে, তা ৮ ডিসেম্বর রিপোর্ট আকারে জমা দিতে হবে। প্রসঙ্গত, এর আগে রোজ়ভ্যালির আমানতাকারীদের টাকা ফেরাতে হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির কাজকর্ম নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল এই ডিভিশন বেঞ্চ। এ বার তালুকদার কমিটির দীর্ঘসূত্রিতায় আদালতের হুঁশিয়ারি, ‘আপনারা না পারলে বলুন, আমরা অন্য ব্যবস্থা নিতে পারি।’