Upasana Chowdhury: দেবাংশুর হবু স্ত্রীর দুবাইয়ের জীবনযাত্রা চর্চা হতেই দীর্ঘ লাইন পোস্ট উপাসনার | Debangshu Bhattacharya Engagement Goes Viral; TMC Youth Leader Upasana Chowdhury Extends Wishes
কলকাতা: বাগদানের খবরকে কেন্দ্র করে নতুন করে চর্চায় দেবাংশু ভট্টাচার্য। রাজ্যে পালাবদলের পর থেকে সেভাবে আর রাজনৈতিক ময়দানে চর্চিত নন তিনি। কিন্তু রাজনীতির বাইরে নিজের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেই আবারও শিরোনামে তাঁর নাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দেবাংশুর সঙ্গে তাঁর হবু স্ত্রীর বাগদানের ছবি। আর তাতেই নেটমাধ্যমে আলোচিত হচ্ছে একাধিক বিষয়।এবার দেবাংশুর স্ত্রীর হয়ে কলম ধরতেন মমতাপন্থী তৃণমূলের যুবনেত্রী উপাসনা চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি বলেন, “প্রথমেই আমার প্রাক্তন সহকর্মী দেবাংশু ভট্টাচার্য এবং তাঁর হবু স্ত্রীকে জানাই আগামী জীবনের জন্য একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।”
এই পোস্ট করার আসল কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এবার বর্তমান প্রসঙ্গে আসি। দেবাংশু একসময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর অতীত ব্যক্তিগত জীবন, সেখানে তাঁর সম্পর্কের সংখ্যা বা সমীকরণ ইত্যাদি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া করা যেমন অনুচিত, তেমনই তাঁর হবু স্ত্রী দুবাইতে কারও সঙ্গে সহবাস করেছেন কি না, তিনি পূর্বে বিবাহিত ছিলেন কি না—এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে বিনা প্রমাণে কুরুচিকর আলোচনা ও চরিত্রহননের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়।”
উপাসনা বর্তমানে মমতা তৃণমলের আইটি সেলের প্রধান। আগে এই দায়িত্ব সামলে এসেছেন দেবাংশু নিজে। তৎকালীন বিরোধী পক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আজ সেই ‘সিনিয়র’কে নিয়ে সামাজিক মাধ্যমে একগুচ্ছ মন্তব্য ঘোরাফেরা করছে বলে নিজের পোস্টে দাবি করেন উপাসনা। আর তাঁর কথা মতো, ঠিক কী কী বিতর্ক ঘোরাফেরা করছে, তার বিস্তারিত বর্ণনা অর্থাৎ দেবাংশুর হবু স্ত্রীর অতীত নিয়ে বিস্তারিত ‘কাটাছেঁড়া’ গোটাটাই নিজের পোস্টে লেখেন উপাসনা।
যদিও তার সঙ্গে এটাও লিখেছেন, “রাজনৈতিক পরিচয় থাকুক বা না থাকুক, প্রত্যেক মানুষের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার অধিকার রয়েছে। বিনা প্রমাণে কাউকে কলঙ্কিত করার এই সোশ্যাল মিডিয়া প্রবণতা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।” এই ‘নোংরা প্রবণতার’ তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। যদিও সামাজিক মাধ্যমে উপাসনার বিরুদ্ধেও মুখ খুলেছেন নেটিজেনরা। তাদের বক্তব্য উপাসনার এটি কৌশলী চাল। তা না হলে এই নিন্দার মাধ্যমে কেন একজন মহিলা হয়ে অন্য মহিলার অতীত নিয়ে বিতর্কের সবটাই এভাবে সামাজিক মাধ্যমে তুলে ধরবেন উপাসনা।

উপাসনার সেই ফেসবুক পোস্টের পরেই ময়দানে নামেন খোদ দেবাংশুর হবু স্ত্রী। স্পষ্ট ও কড়া বার্তায় মেঘনা তাঁর অতীতের সম্পর্ক নিয়ে চলা জলঘোলার জবাব দেন। তিনি লেখেন, ‘এক বছর আগে আমার প্রাক্তনের সঙ্গে আমি আলাদা হয়ে গিয়েছিলাম। অতীতে ঘটে যাওয়া বিষয় নিয়ে কাউকে জনসমক্ষে টেনে আনার কোনও মানেই হয় না।’ পরে এই পোস্টটি শেয়ার করেন দেবাংশু নিজেও।
উল্লেখ্য, গত রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদান বা ‘এনগেজড’ হওয়ার কথা নিজেই ঘোষণা করেন দেবাংশু।