SA vs BAN Test: ঘাতক সাইমন হার্মার, প্রোটিয়াদের বিরুদ্ধে লজ্জার হার বাংলাদেশের | 400 in First Innings, Yet Crushed! Simon Harmer’s Spin Destroys Bangladesh at Wanderers - 24 Ghanta Bangla News
Home

SA vs BAN Test: ঘাতক সাইমন হার্মার, প্রোটিয়াদের বিরুদ্ধে লজ্জার হার বাংলাদেশের | 400 in First Innings, Yet Crushed! Simon Harmer’s Spin Destroys Bangladesh at Wanderers

Spread the love

SA vs BAN Test: ঘাতক সাইমন হার্মার, প্রোটিয়াদের বিরুদ্ধে লজ্জার হার বাংলাদেশের

সাইমন হার্মারImage Credit: Getty Images

জোহানেসবার্গ: এমন ভাবেও যে হারা যায়, তা বাংলাদেশ দলকে না দেখলে বিশ্বাসই হত না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল টাইগার্সরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে সম্পূর্ণ ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হল লিটনদের। ফলে প্রথম টেস্টে হেরে ইতিমধ্যেই ১-০ পিছিয়ে পড়ল বাংলাদেশ। তবে এই হারের নেপথ্যে একজনই, সাইমন হার্মার।

বৃহস্পতিবার হার্মারের ঘূর্ণিতে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। এরপর জয়ের জন্য প্রয়োজনীয় মাত্র ১২ রান তুলে প্রথম টেস্ট ৯ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার ওয়ান্ডারার্সে এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ১০০/৫। সেখান থেকে পঞ্চম দিনে ব্যাট করতে নেমে হার্মারের স্পিনের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটাররা। বাকি থাকা ৫ উইকেটে মধ্যে ৪টি উইকেটই আসে হার্মারের ঝুলিতে। সব মিলিয়ে ৫১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন তিনি। ৫ম দিনের প্রথমেই কাগিসো রাবাডার বলে প্লেড অন হন লিটন দাস (৩৯)। এরপর হার্মারের বলে আউট হয়ে ফেরেন মুশফিকুর রহিম (২২)। এরপর ৫৬তম ওভারে পরপর ২ বলে হাসান মাহমুদ (৪) ও এবাদত হোসেনকে (০) আউট করেন হার্মার। এর ফলে মাত্র ১৬৮ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

৩৭ বছরের এই স্পিনার সাম্প্রতিক সময়ে ঘাতক ফর্মে রয়েছেন। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টেস্টের শেষ দিনে ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। আবার গত বছরে ভারতের বিরুদ্ধে কলকাতায় প্রোটিয়াদের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হার্মার। সেই ম্যাচে ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এই মুহূর্তে একে রয়েছে নিউজিল্যান্ড। দুই নম্বরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচ জয় ও ২ হারসহ এই মুহূর্তে ২ নম্বরে আছেন বাভুমারা। ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে জিততে গেলে ব্যাটিং ও বোলিং – দুই বিভাগেই উন্নতি করতে হবে বাংলাদেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *