Dipak Barman: ‘অরুণ’ ও ‘কিরণ’! সপ্তম-অষ্টম শ্রেণির জন্য নতুন সংস্কৃত বই আনল শিক্ষা দফতর, কী কী থাকছে? | Education Minister Dipak Barman Introduces New Sanskrit Books for Classes 7 and 8, Check What’s Inside
দীপক বর্মণImage Credit: Tv9 Bangla
কলকাতা: সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই (Sanskrit Book) আনল রাজ্যের শিক্ষা দফতর। সপ্তম শ্রেণির জন্য বইয়ের নাম রাখা হয়েছে ‘অরুণ’ এবং অষ্টম শ্রেণির জন্য ‘কিরণ’। ভাষা শিক্ষা জ্ঞানের জন্য এই দু’টি বই তৈরি করা হয়েছে। তবে এই বইয়ের সঙ্গে ধর্মশিক্ষার কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ (Dipak Barman)।
নতুন সংস্কৃত বইয়ের বিশেষত্ব কী?
বৃহস্পতিবার নতুন বই দু’টির বিষয়ে বিস্তারিত জানান স্কুল শিক্ষামন্ত্রী। তিনি জানান, সংস্কৃত ভাষার উপর বই তৈরির কথা আগেই জানিয়েছিলেন। সেই মতো বই দু’টি তৈরি হয়ে গিয়েছে। সেই বইয়ের প্রচ্ছদও সাংবাদিক বৈঠকে প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, “নতুন বই দু’টির বিশেষত্ব হল, দৈনন্দিন জীবনে আমরা যে ধরনের কথাবার্তা বলে থাকি, সেই বিষয়গুলিই সংস্কৃত ভাষার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা একধরনের ধ্রুপদী ভাষা। আজকের দিনেও যে তা ব্যবহৃত হতে পারে, সেইভাবে এখানে করা আছে।” অর্থাৎ, শুধুমাত্র প্রাচীন ভাষা হিসেবে নয়, বরং বর্তমান সময়েও সংস্কৃত কীভাবে ব্যবহার করা যেতে পারে, সেই ভাবনা থেকেই বই দু’টি তৈরি করা হয়েছে।
কী কী থাকছে সংস্কৃত বইয়ে?
শিক্ষামন্ত্রীর কথায়, “সপ্তম শ্রেণির ‘অরুণ’ বইয়ে ৪৫০টিরও বেশি ছবি ব্যবহার করা হয়েছে। অষ্টম শ্রেণির ‘কিরণ’ বইয়েও একইভাবে প্রচুর ছবি রাখা হয়েছে।” শুধু তাই নয়, বইয়ের মধ্যেই প্রশ্নোত্তর লেখার পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। ফলে পড়ুয়ারা বই পড়ার পাশাপাশি সেখানেই অনুশীলন করতে পারবে। শিক্ষকদের জন্যও কিছু বিশেষ পরামর্শ রাখা হয়েছে। আগে যে ধরনের সংস্কৃত বই ব্যবহার করা হত, তার তুলনায় নতুন বই দু’টিতে পড়ানোর পদ্ধতি ও বিষয়বস্তুর ক্ষেত্রে বিশেষত্ব রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
এছাড়া, নতুন সংস্কৃত বই দু’টিতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে ‘বন্দে মাতরম’। পড়ুয়াদের আগ্রহ বাড়াতে বইয়ে কমিকসও ছাপানো হয়েছে।
শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই বই দু’টি কোনওভাবেই ধর্মশিক্ষার জন্য তৈরি করা হয়নি। সংস্কৃত ভাষার সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানো এবং ভাষা শিক্ষা দেওয়াই শিক্ষা দফতরের মূল উদ্দেশ্য।