বয়স বাড়লেও সম্পর্কে ছেদ পড়বে না, ডিভোর্স এড়াতে কোন ৩ বিষয়ের উপর জোর দেবেন?
যত দিন যাচ্ছে, দম্পতিদের মধ্যে বাড়ছে ‘সিলভার ডিভোর্স’, ‘গ্রে ডিভোর্স’ এবং ‘এম্পটি নেস্ট সিন্ড্রোম’-এর ঘটনা। এই প্রতিটা বিষয়ের সংজ্ঞা প্রায় এক — দীর্ঘ ২৫-৩০ বছর সংসার জীবনের পরে, সন্তান বড় হয়ে যাওয়ার পরে বিচ্ছেদ। আসলে দায়-দায়িত্বের মাঝে কখন প্রেম উবে যায়, তা বোঝাও যায় না। যখন দায়িত্ব থেকে মুক্তি মেলে, অবসর সময় কাটানোর সুযোগ আসে, তখনই দেখা যায়, সঙ্গীর প্রতি আর ভালোবাসা নেই। তখনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বেশিরভাগ দম্পতি। তবে এই বয়সেও কাছাকাছি আসার সুযোগ রয়েছে।
একসঙ্গে সময় কাটানো
জোর করে হলেও কোয়ালিটি টাইম কাটাতেই হবে। হাজার কাজের ফাঁকেও একে অন্যের জন্য সময় বের করতে হবে। এক ছাদের তলায় থাকলেই যে প্রেম টিকে থাকে, তা নয়। প্রেম টিকিয়ে রাখতে হলে একটু কসরতও করতে হবে। এর প্রথম কাজটাই হলো একসঙ্গে সময় কাটানো। আর এই কাজটা সচেতন ভাবেই করতে হবে। এই সময়ে যে গল্প করতেই হবে, এমন কোনও নিয়ম নেই। একসঙ্গে হাঁটা, শরীরচর্চা করা, রান্না করা, বাগান করা, সিনেমা দেখা, ঘুরতে যাওয়া— সবই করা যায়। বরং, যৌবনে যে ভাবে প্রেম করতেন, সেই অভ্যাস ফিরিয়ে আনতে হবে বার্ধক্যেও।
নতুন রুটিন গড়ে তুলতে হবে
যৌবনে যখন প্রেম করতেন, তখন রুটিন একরকম। বিয়ের পরে, সন্তান জন্মের পরে আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসে। তখন শুধু আপনার ও আপনার সঙ্গীর সুবিধা গুরুত্ব পেত না। দেখতেন সন্তানের ভালো-মন্দের দিকটাও। কিন্তু এখন আপনার স্বাধীন। সন্তান মানুষের কোনও দায়-দায়িত্ব নেই। তাই আবার নিজেদের মতো করে রুটিন এবং রীতি গড়ে তুলুন। প্রতি সপ্তাহান্তে বা মাসে কোথাও ঘুরতে যাওয়ার রীতি গড়তে পারেন। আবার একসঙ্গে ডিনার রান্না করারও রুটিন বানাতে পারেন। এতে কাছাকাছি থাকা যাবে। জোর দিন ডেটের উপর। সঙ্গীকে নিয়ে ডেটে যান নিয়ম করে।
দায়িত্ব ভাগ করুন এবং নিজের জন্য সময় রাখুন
সন্তান বড় হয়ে গেলেও সংসারের কাজ কমে না। ঘর গোছানো, রান্না করা, বাজার করা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ব্যাঙ্কের কাজ, সব থাকে। এই দৈনন্দিন কাজগুলো ভাগ করে নিন। রোজকার কাজগুলো খতিয়ে দেখুন। বছরের পর বছর একজনই সব করে যাবেন, তা হয় না। আলোচনা করে কাজ ভাগ করেন। পাশাপাশি নিজের জন্যও সময় রাখুন। নিজের পছন্দের কাজগুলোকেও গুরুত্ব দিন। এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে।